ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।
তিনি বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে গেছে। এই কারণে শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। লঞ্চগুলো চলার পথে যে যেখানে অবস্থান করছে, ওই স্থানে নদীর পাড়ে লঞ্চগুলো নোঙ্গর করে রাখার জন্য বলা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফের চলাচল স্বাভাবিক হবে।
প্রসঙ্গত, এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুইটি লঞ্চের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে চারজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভেসে থাকে। পরে এ ঘটনায় শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে অপর লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ জব্দ করা হয় এবং চারজন স্টাফকে আটক করা হয়েছে।

