সাম্প্রতিক ভূমিকম্পের পর সতর্কতামূলক উদ্যোগ হিসেবে দেশের সব এলাকায় গ্যাস কূপ খনন ও জরিপ কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, ভূমিকম্পের প্রেক্ষাপটে জনস্বার্থে তেল-গ্যাস কূপ খনন দুই দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি ভারী যন্ত্রপাতির ক্ষতি রোধ এবং ড্রিলিং কার্যক্রম যেন ভূকম্পনে ব্যাহত না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) শীর্ষ এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। যদিও এ বিষয়ে এখনো গণমাধ্যমে কোনো বার্তা দেয়নি পেট্রোবাংলা।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, গত ২ দিনের মধ্যে ৪টি ভূমিকম্প প্রমাণ করে নরসিংদী জেলার উপরে অবস্থিত ভুস্তরীয় প্লাটিলেট খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এ সময়ে ভূমিতে যে কোনো ধরনের সামান্য কম্পনও ওই এলাকার ভূমিকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। ফলে যে সব এলাকায় ড্রিলিং কার্যক্রম চলছে তা ৪৮ ঘণ্টা বন্ধ ঘোষণা করার জন্য পরামর্শ দেয়া হয়। পেট্রোবাংলা আরো জানায়, কূপ খনন ও জরিপ কার্যক্রম আগামী ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত স্থগিত থাকবে। তবে গ্যাস সরবরাহ ও উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজধানীতে গতকাল শনিবার সন্ধ্যায় পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমটির উৎপত্তিস্থল ছিল বাড্ডায়, আর দ্বিতীয়টির উৎপত্তি নরসিংদীতে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩.৭ মাত্রার প্রথম ভূমিকম্প হয়। ঠিক এক সেকেন্ড পর, ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
