সাভারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাভারের উলাইল ও কর্ণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সাভারের উলাইল এলাকার ‘ভরসা বেকার্স’ নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে উৎপাদিত খাদ্যসামগ্রীর মোড়কে বিভ্রান্তিকর তথ্য এবং উপাদান ব্যবহারের তারিখ না থাকার প্রমাণ পাওয়া যায়। এছাড়া বিস্কুট উৎপাদনে অ্যামোনিয়া ব্যবহার করা হলেও পণ্যের মোড়কে তা উল্লেখ করা হয়নি। পাশাপাশি নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে গ্লাভস, মাস্ক ও ক্যাপ ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে খাদ্য তৈরির দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
একই দিনে কর্ণপাড়া এলাকার ‘বেকো লাইভ বেকারি’তে পরিচালিত অপর অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ এবং লেবেলহীন উপাদান ব্যবহারের প্রমাণ মেলে। এছাড়া ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স ও কর্মীদের স্বাস্থ্য সনদসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বেকারিটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জরিমানার ৩ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম, সাভার উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন।
