বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী)কে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ দণ্ডাদেশ দেন। দুদকের কৌঁসুলি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে কারাগার থেকে এস কে সুর চৌধুরীকে আদালতে হাজির করা হয় এবং রায় ঘোষণার পর তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
এর আগে দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৫ জুলাই এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হয়। দুদকের পক্ষে প্রসিকিউটর আবুল কালাম আজাদ আদালতের কাছে সর্বোচ্চ তিন বছরের সাজা প্রার্থনা করেন, আর আসামি পক্ষের আইনজীবী সরোজ কুমার হাওলাদার তাঁর মক্কেলের খালাস চান। মামলার বিচারকালে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম ওঠায় ২০২২ সালে এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। একই বছরের মার্চে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তিনি ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে অবসর নেন। পরে ২০২৫ সালের ১৪ জানুয়ারি দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে; এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। অভিযোগ রয়েছে, ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)-এর ঋণ কেলেঙ্কারিতে সহযোগিতা করেছেন এবং এর মাধ্যমে সুবিধা নিয়েছেন।
মামলার তথ্য অনুযায়ী, এসকে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তাঁর ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদের হিসাব বিবরণীর নোটিশ জারি করা হয়। ২০২৫ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন তিনি। তবে আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি। নির্ধারিত এই সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে ওই বছরের ২৩ ডিসেম্বর দুদক মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন। ২৫ আস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. আহসান উদ্দিন। ৬ নভেম্বর এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
