কক্সবাজারের টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্কে একটি জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে পর্যটকেরা সেন্ট মার্টিনে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)-এ কেন্দ্রীয়ভাবে আরেকটি জেটি নির্মাণ করা হবে, যা সেখানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ব্যবহার করবে। সরকারি সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই দুটি জেটি নির্মাণের পাশাপাশি সংশ্লিষ্ট অবকাঠামো গড়ে তোলা ও পরিচালনার দায়িত্বও পালন করবে।
এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিআইডব্লিউটিএ। রাজধানীর আগারগাঁওয়ে বেজা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেজা। বেজার পক্ষে সংস্থাটির নির্বাহী বোর্ডের সচিব ও যুগ্ম সচিব জুলিয়া মঈন এবং বিআইডব্লিউটিএর পক্ষে সংস্থাটির পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. সাইফুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম, সালেহ আহমদ ও মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএর পক্ষ থেকে সংস্থাটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা জানায়, স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জেটি ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের জন্য এনএসইজেডে ৬ দশমিক ১৮ একর এবং সাবরাং ট্যুরিজম পার্কে ৫ একর জমি ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। জেটি থেকে অর্জিত নিট মুনাফা বেজা ও বিআইডব্লিউটিএর মধ্যে ৪৫:৫৫ অনুপাতে বণ্টন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী সদস্য মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম। তিনি বলেন, বেজা ও বিআইডব্লিউটিএর মধ্যে হওয়া এই চুক্তি একটি মাইলফলক। বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা বিবেচনা করে এবং জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে একটি স্বয়ংসম্পূর্ণ শিল্পাঞ্চলে পরিণত করতে এই জেটি বিশেষ ভূমিকা রাখবে। বেজার আরেক নির্বাহী সদস্য সালেহ আহমদ বলেন, নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও সাবরাং ট্যুরিজম পার্কে পর্যটন শিল্পের অসীম সম্ভাবনা রয়েছে। এটি বিবেচনায় নিয়েও বেজা সেখানে জেটি স্থাপনের উদ্যোগ নিয়েছে। সাবরাংয়ে জেটিটি নির্মাণ হলে দৃষ্টিনন্দন বিভিন্ন পর্যটন স্থাপনা নির্মাণের সুযোগ সৃষ্টি হবে বলে জানান তিনি।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, দেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থাপনার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিআইডব্লিউটিএ এই প্রকল্প সফল ও কার্যকরভাবে সমাপ্ত করতে চায়।
