সাড়ে ৭ ঘণ্টা পর দেশে আবারও ভূমিকম্প

সাড়ে সাত ঘণ্টার ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে হালকা কম্পন অনুভূত হয়। মৃদু এই ভূমিকম্পে ঘটনার এক ঘণ্টা পর পর্যন্ত কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পায়নি ফায়ার সার্ভিস। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকা, যা ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৬ কিলোমিটার পূর্বে। এমন তথ্য নিশ্চিত করেন কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর।

এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকটি ভূমিকম্প হয়, যেটি ছিল মৃদু মাত্রার ভূমিকম্প। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৩ দশমিক ৩ মাত্রা। ওই ভূমিকম্পেও ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। প্রথমে সেটির উৎপত্তিস্থল বলা হয় সাভারের বাইপাল। পরে তা নরসিংদীর পলাশ বলে জানায় ভূকম্পন পর্যবেক্ষণ অধিদপ্তর।

এদিকে দিনের দ্বিতীয় ভূমিকম্পের তথ্যে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, সন্ধ্যার এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। বাড্ডা নয়, এটির কেন্দ্র ছিল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। অপরদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) বলছে, সন্ধ্যার এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে আট কিলোমিটার উত্তর উত্তর-পূর্ব দিকে।

সন্ধ্যায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হওয়ার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা আনিসুর রহমান জানান, কোথাও থেকে কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ ও প্রাণঘাতী ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, যার প্রভাব দুবারের কম্পনেই নাগরিকদের আতঙ্ক বাড়িয়ে তোলে।

তাতে তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়, আহত হয় ছয় শতাধিক মানুষ। ঢাকার বহু ভবনে ফাটল, কোথাও কোথাও হেলে পড়ার ঘটনা ঘটে। রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীরই মাধবদীতে, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড। তীব্র ঝাঁকুনির এ ভূমিকম্পের পর এখনই করণীয় ঠিক করতে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

** বাইপাইলে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত