সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

শেয়ারবাজারে কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে সাবেক জাতীয় ক্রিকেট দল অধিনায়ক ও সাবেক সাংসদ সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন করে আগামী ৩ মার্চের তারিখ নির্ধারণ করেছে ঢাকার একটি আদালত।

মামলার তদন্তকারী সংস্থা- দুর্নীতি দমন কমিশন (দুদক) নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে না পারায়—ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়সাল আজ বুধবার (২৬ নভেম্বর) এই তারিখ ধার্য করেন।

এই মামলার অপর আসামিরা হলেন– সমবায় অধিদফতরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজি ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা নিজেদের স্বার্থে সংশ্লিষ্ট বিও একাউন্ট ব্যবহার করে অবৈধভাবে সিরিজ ট্রানজেকশন, প্রতারণামূলক অ্যাকটিভ ট্রেডিং, গ্যাম্বলিং ও স্পেকুলেশনের মাধ্যমে কিছু নির্দিষ্ট শেয়ারের দাম কৃত্রিমভাবে বৃদ্ধি করেন। এভাবে শেয়ারবাজারে কারসাজি করে তারা সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করেন, ফলে বিনিয়োগকারীরা বড় অঙ্কের অর্থ হারান। এই প্রক্রিয়ায় মোট ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করা হয়, যা ‘অপরাধলব্ধ অর্থ’ হিসেবে গণ্য।