‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’

কুষ্টিয়ার শিলাইদহ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাজগ্রামে সাউন্ড বক্স ও মাইকে গান-বাজনা নিষিদ্ধের ঘোষণা দিয়ে মাইকিং করা হয়েছে। কেউ জেনে বা না জেনে এসব ব্যবহার করলে তাকে সামাজিকভাবে বয়কট করা হবে বলেও জানানো হয়েছে। এমনকি সংশ্লিষ্ট ব্যক্তিকে কবরস্থানে দাফনের সুযোগ না দেওয়ার কথাও প্রচার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী বড় মাজগ্রাম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে এলাকায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়। এতে গ্রামের একাংশের বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বড় মাজগ্রামে এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছে। জুমার নামাজ শেষে মুসল্লিরা বাড়ির পথে ফিরছেন, আর মসজিদের বারান্দায় চলছে বৈঠক। এ সময় মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ালীউল্লাহ ফরিদী জানান, গত ২৭ মার্চ শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়—বড় মাজগ্রাম মহল্লার আওতাধীন কোনো বাড়িতে সাউন্ডবক্স বা মাইকসেট ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের ঈদগাহ, মসজিদ ও কবরস্থানের সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হবে। অর্থাৎ তাদের কাছ থেকে মসজিদের জন্য মসটি (চাল) গ্রহণ করা হবে না এবং কবরস্থানে দাফনের সুযোগও দেওয়া হবে না। সংক্ষেপে, তাদের সামাজিকভাবে বয়কট করা হবে।

তার ভাষ্য, কোরআনে গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও সম্প্রতি কিছু বিয়ে-সুন্নতে খতনা বাড়িতে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানো হয়েছে। এতে অসুস্থ মানুষসহ সবার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ কুরবান আলী বলেন, বিয়ে ও সুন্নতে খতনা বাড়ির উচ্চশব্দের জন্য যেন নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা ও অসুস্থ মানুষের সমস্যা না হয়। সেজন্য সবাই মিলে সাউন্ডবক্স বাজাতে নিষেধ করা হয়েছে। এছাড়া একটি নির্দিষ্ট স্থানে প্যান্ডেল করে অনুষ্ঠান করতে কোনো বাঁধা নেই।

জানা গেছে, মসজিদ থেকে প্রায় ২০০ মিটার দূরে জমারত আলী ও রুপা খাতুন দম্পতির বাড়ি। তাদের এতিম নাতি ছেলে আলিফের (৭) শখ পূরণ করতে খতনা অনুষ্ঠানে তারা ঈদের পরের বৃহস্পতিবার বাড়িতে সাউন্ডবক্স বাজিয়ে আনন্দ-উল্লাস করেছিলেন। এতে মুসল্লিরা অস্বস্তি বোধ করলে সাউন্ডবক্স বাজানো বন্ধ করে দেন। এ নিয়ে তর্কাতর্কি ও উত্তেজনার সৃষ্টি হলে পরদিন শুক্রবার আলোচনা সাপক্ষে গ্রামে মাইক ও সাউন্ড বক্স বাজানো বন্ধের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে রুপা খাতুন বলেন, নাতি ছেলের শখ পূরণ করতে খতনা অনুষ্ঠানে মাত্র একদিন বক্স বাজানো হয়েছে। তবে নামাজ ও আজানের সময় বন্ধ ছিল। সবসময় সাউন্ডও কম থাকতো। তবুও শত্রুতা করে মসজিদ কমিটির কিছু লোক প্রভাব দেখিয়ে গ্রামে ঝামেলা করছে। তার ভাষ্য, বন্ধ হলে সারাদেশেও বন্ধ হোক। শুধু এখানে কেন?

এদিকে বৃহস্পতিবার দুপুরে বড় মাজগ্রামের মাইকিংয়ের ৩১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, দেশের প্রচলিত আইন অনুযায়ী এভাবে গানবাজনা নিষিদ্ধ করার সুযোগ নেই। কেউ সাউন্ডবক্স ও মাইক অতিরিক্ত শব্দে বাজালে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। সচেতন করা যেতে পারে। অথবা প্রশাসন ব্যবস্থা নিতে পারে। তবে এভাবে মাইকিং করে বন্ধ করা ঠিক নয়।

এটাকে বাড়াবাড়ি আখ্যা দিয়ে কুমারখালীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ও নাট্যকার লিটন আব্বাস বলেন, প্রতিটা মানুষ স্বাধীন। আমরা কারও ওপর কিছু চাপিয়ে দিতে পারি না। এটা বন্ধ করার আইন-ইখতিয়ার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই। প্রত্যেক ব্যক্তির ধর্মীয় অনুভূতির পাশাপাশি নিজস্ব চেতনা আছে। এটা সৃষ্টির শুরু থেকেই আছে। সুতরাং বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত।

অভিযোগ অস্বীকার করে বড় মাজগ্রাম জামে মসজিদের সভাপতি আমির হোসেন বলেন, সব ধরনের গানবাজনা বন্ধ বিষয়টি ঠিক ওরকম নয়। উচ্চশব্দে সাউন্ডবক্স ও মাইক বাজানো বন্ধের বিষয়ে সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাইকিংয়ে কি প্রচার হয়েছে তা তিনি জানেন না বলে জানান।

দেশের প্রচলিত আইনে এভাবে গানবাজনা বন্ধ করার সুযোগ নেই বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। আর জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।