সাংবাদিক নামধারী দুষ্টচক্র, কর্মচারী কল্যাণ সমিতির সর্তকর্তা

এনবিআরে হয়রানির দুষ্টচক্রের ফাঁদ

একটি দুষ্টচক্র সাংবাদিক সেজে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মচারীদের টার্গেট করে হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে। ওই দুষ্টচক্রকে এনবিআরের গুটিকয়েক কর্মচারীদের সহযোগিতা করছেন। এতে কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ার পাশাপাশি এনবিআরে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। সাংবাদিক নামধারী এসব দুষ্টচক্রের বিষয়ে সজাগ থাকতে এনবিআরের সকল কর্মচারীদের অনুরোধ জানিয়েছে এনবিআরের কর্মচারীদের সংগঠন ‘জাতীয় রাজস্ব বোর্ড কর্মচারী কল্যাণ সমিতি’। একইসঙ্গে ওই দুষ্টচক্রকে সহযোগিকারী কর্মচারীদের সর্তক করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে যে, এনবিআরে কর্মরত কিছু সংখ্যক কর্মচারী ‘নামধারী দুষ্টচক্রের’ সহযোগিতায় গুটিকয়েক অনিবন্ধিত ও পরিচয়পত্র সর্বস্ব সাংবাদিক জাতীয় এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নামে দুর্নীতির সংবাদ পরিবেশনের অজুহাতে মোবাইল ফোনে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করছেন। সম্প্রতি ওই সাংবাদিকদের দাবি অনুযায়ী অর্থ প্রদান না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে সামাজিক ও পারিবারিকভাবে হেয়পতিপন্ন করেছেন।

আরও বলা হয়, গত ২৮ জুলাই দুপুরে দুইজন সাংবাদিক নামধারী প্রতারক কর প্রশাসন-৪ শাখায় প্রবেশ করে বিনা অনুমতিতে শাখায় কর্মরত উচ্চমান সহকারীর ভিডিও ধারণ করলে তাৎক্ষণিকভাবে তাদের চ্যালেঞ্জ করা হয়। পরে এনবিআরের সকল পর্যায়ের কর্মচারীরা উপস্থিত হয়ে ঘটনাটির তীব্র প্রতিবাদ করেন এবং তাদের দুইজনকে কে বা কাহারা ওই কাজে নিয়োজিত করেছেন, সে বিষয়ে তথ্য প্রদানের দাবি জানান। প্রতিবাদের এক পর্যায়ে ওই দুই প্রতারক সাংবাদিক মুচলেকা প্রদান করতে এবং তাদের কে বা কারা এরূপ ঘৃণ্য কাজের জন্য নিয়োজিত করেছেন তাদের নাম প্রকাশ করতে রাজি হন। সে মোতাবেক ওই দুই সাংবাদিক লিখিত মুচলেকা প্রদানপূর্বক এনবিআরে কর্মরত কয়েকজন কর্মচারীর নাম প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সমিতির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্ভূত পরিস্থিতিতে সমিতির ওই বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সকল পর্যায়ের কর্মচারীদের ঐ সকল ‘সহকর্মী’ নামধারী দুস্কৃতিকারীদের কর্মকান্ডের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছেন। একই সঙ্গে কোন কর্মচারীর নিকট সাংবাদিক পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যমে টাকা দাবি করা হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও কর্মচারী কল্যাণ সমিতিকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এনবিআরে কর্মরত সকল কর্মচারীকে ঐক্যবদ্ধ থেকে এরূপ হলুদ সাংবাদিকতা ও কিছু সংখ্যক দুস্কৃতিকারী কর্মচারীদের প্রতিহত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ হতে অনুরোধ করা হয়েছে।