চলতি অর্থবছরের প্রথম চার মাসে ব্যাংক ব্যবস্থা থেকে নতুন ঋণ নেওয়ার তুলনায় সরকার ৫০৩ কোটি টাকা বেশি পরিশোধ করেছিল। তবে পরবর্তী দুই মাসে সরকারি ঋণ গ্রহণের গতি দ্রুত বেড়েছে। চলতি অর্থবছরের শুরু থেকে গত ৪ জানুয়ারি পর্যন্ত সরকার ব্যাংক ব্যবস্থা থেকে প্রায় ৬০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এর ফলে ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণস্থিতি প্রথমবারের মতো ছয় লাখ কোটি টাকা অতিক্রম করেছে।
বাজেট ঘাটতি পূরণে সরকার প্রতিবছরই বড় অঙ্কের ঋণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ চার হাজার কোটি টাকা। পাশাপাশি সঞ্চয়পত্র থেকে ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে ১২ হাজার ৫০০ কোটি টাকা।
গত অর্থবছরের মূল বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কমিয়ে ৯৯ হাজার কোটি টাকা করা হয়। তবে অর্থবছর শেষে সরকার ব্যাংক থেকে ঋণ নেয় ৭২ হাজার ৩৭২ কোটি টাকা। একই সময়ে সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে এই উৎস থেকে সরকারের ঋণ কমে যায় ছয় হাজার ৬৩ কোটি টাকা। তবে চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর সময়ে সঞ্চয়পত্রে সরকারের ঋণ দুই হাজার ৩৬৯ কোটি টাকা বেড়ে মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে তিন লাখ ৪০ হাজার ৮৬৮ কোটি টাকায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৪ জানুয়ারি পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে ছয় লাখ ১০ হাজার ৬৬১ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে রয়েছে এক লাখ ২২ হাজার ৪২৯ কোটি টাকা। গত জুন শেষে যা ছিল ৯৮ হাজার ৪২৪ কোটি টাকা। এর মানে বাংলাদেশ ব্যাংকে বেড়েছে ২৪ হাজার ৬ কোটি টাকা। আর বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরকারের ঋণস্থিতি বেড়ে চার লাখ ৮৮ হাজার ২৩২ কোটি টাকা হয়েছে। গত জুনের তুলনায় যা ৩৫ হাজার ৭৫১ কোটি টাকা বেশি।
সরকারের ঋণের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, গত দুই মাস ধরে ঋণ বাড়ছে বেশি। চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ কমে পাঁচ লাখ ৫০ হাজার ৫০২ কোটি টাকায় নামে। সেখান থেকে গত ১২ ডিসেম্বর পর্যন্ত ৪৫ হাজার ২৩৯ কোটি টাকা বেড়ে পাঁচ লাখ ৯৬ হাজার ১৪৪ কোটি টাকায় ঠেকেছিল। এখন আরও বেড়ে এ পর্যায়ে উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ২০ হাজার কোটি টাকার মূলধন জোগান দিয়েছে সরকার। আশানুরূপ রাজস্ব আয় না হলেও সরকারের ব্যয় বেড়েছে। পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা বেড়েছে।
