শুল্কমুক্ত গাড়ি-প্লট নেবেন না বিএনপির এমিপরা

ত্রয়োদশ জাতীয় সংসদে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর শপথ গ্রহণের পর সংসদীয় দলের সভাকক্ষে নবনির্বাচিত এমপিরা বৈঠক করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় বলে জানান শায়রুল কবির খান। এর আগে বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির নির্বাচিত প্রার্থীরা। তাঁদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে তাঁরা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেননি।

শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার–১ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শপথকক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে একটি নির্দেশনা দেন। নির্দেশনায় সালাহউদ্দিন আহমদ জানিয়ে দেন, তাঁরা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি।

দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবন থেকে গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। প্রায় ১২টা ৪০ মিনিটে তিনি বাসায় পৌঁছান বলে জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় দপ্তরে যুক্ত নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী। তিনি আরও জানান, বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে, যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শপথ অনুষ্ঠানের আগেই তিনি দক্ষিণ প্লাজায় উপস্থিত হবেন বলেও জানান আবদুস সাত্তার পাটোয়ারী।