সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানতে হবে ১১ নির্দেশনা

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ১১টি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, সকালেই অফিসে বাধ্যতামূলকভাবে ৪০ মিনিট অবস্থান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। মন্ত্রণালয় রোববার এই নির্দেশনার অনুলিপি তাদের অধীন দপ্তর-সংস্থা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে।

সেখানে বলা হয়েছে, আগে মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলক অবস্থান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছিল। যদিও এই নির্দেশনা প্রতিপালন গুরুত্বপূর্ণ, তবুও কিছু ব্যত্যয় লক্ষ্য করা গেছে। তাই মন্ত্রিপরিষদ বিভাগের আগে পাঠানো দুটি চিঠি অনুসরণ করে, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ১১টি নির্দেশনা যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ করা হয়েছে।

১. প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান করা।

২. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার এড়িয়ে প্রাকৃতিক আলো ব্যবহার করা।

৩. অফিস চলাকালীন প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা।

৪. এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা।

৫. অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা।

৬. অফিসের করিডর, সিঁড়ি, ওয়াশ রুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখা।

৭. অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করা নিশ্চিত করা।

৮. সরকারি নির্দেশনা ছাড়া আলোকসজ্জা পরিহার করা।

৯. জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া।

১০. অফিস কক্ষ, করিডর, টয়লেট, সিঁড়ি, সিঁড়ির হাতল নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

১১. এসব নির্দেশনা প্রতিপালন বা তদারকির জন্য সব দপ্তর, সংস্থা ও কার্যালয়কে ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশ দেওয়া।