সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নাবিল মুস্তাফিজ

রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন নাবিল মুস্তাফিজুর রহমান। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ব্যাংকটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ১৫ ফেব্রুয়ারি তাকে এমডি হিসেবে নিয়োগ দেয়। পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত এ ব্যাংকের তিনিই প্রথম এমডি। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক খাতে ৩২ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন নাবিল মুস্তাফিজুর রহমান ২০২৪ সালের অক্টোবরে ইউসিবিতে যোগ দেন। এর আগে তিনি হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) বাংলাদেশে কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-এ ডিএমডি হিসেবে যোগ দেন নাবিল মুস্তাফিজুর রহমান এবং ২০২০ সালে পদোন্নতি পেয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হন। সেখানে তিনি ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং ও ট্রানজেকশন ব্যাংকিং কার্যক্রমের দায়িত্ব পালন করেন। ইউসিবিতে যোগদানের আগে তিনি ব্র্যাক ব্যাংক-এ ডিএমডি ও চিফ রিস্ক অফিসার হিসেবে কাজ করেছেন। করপোরেট, রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের ক্রেডিট রিস্ক ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বৃহৎ ও সমন্বিত প্রকল্প অর্থায়ন, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, কালেকশন ও ইমপেয়ার্ড অ্যাসেট ব্যবস্থাপনা, অপারেশনাল রিস্ক, তথ্যনিরাপত্তা এবং ইসলামি ব্যাংকিংয়েও তিনি দক্ষ।

নাবিল মুস্তাফিজুর রহমান আইবিএ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯৩ সালে ফাইন্যান্স ও ম্যানেজমেন্ট সায়েন্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে তিনি হংকংয়ে কর্মজীবন শুরু করেন। আওয়ামী লীগ সরকারের সময় কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী জালিয়াতির মাধ্যমে একাধিক ব্যাংক থেকে বিপুল ঋণ নেয়। এসব অনিয়মের চাপে কয়েকটি ব্যাংক সংকটে পড়ে। এর মধ্যে পাঁচটি ব্যাংক একত্র করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।