পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স পিএলসির প্রকাশিত আর্থিক হিসাবে অসংগতি পেয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২৪–২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষা করে এ তথ্য জানিয়েছে নিরীক্ষা প্রতিষ্ঠান টি. হুসাইন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)–এর মাধ্যমে নিরীক্ষক তার মতামত প্রকাশ করেছে।
নিরীক্ষক জানিয়েছেন, সর্বশেষ প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে ২ কোটি ১২ লাখ টাকার মজুত পণ্য ছিল বলে তথ্য প্রকাশ করা হয়। তবে নিরীক্ষক সরেজমিনে সেই তথ্যের কোনো সত্যতা পায়নি।
এদিকে, কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে গ্রাহকদের কাছ থেকে ২ কোটি ৫০ লাখ টাকা পাওনার তথ্য উল্লেখ করেছে। তবে ওই তথ্য যাচাইয়ের ক্ষেত্রে নিরীক্ষক কোনো গ্রাহকের সাড়া পাননি। নিরীক্ষকের মতে, সমতা লেদার কমপ্লেক্স পিএলসি দুর্বল মৌলভিত্তিসম্পন্ন একটি কোম্পানি। তবুও প্রতিষ্ঠানটির শেয়ার নিয়ে মাঝে মধ্যেই কারসাজির অভিযোগ ওঠে। কোনো সংবেদনশীল তথ্য বা দৃশ্যমান কারণ ছাড়াই কখনো কখনো কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির সমতা লেদার কমপ্লেক্স পিএলসির পরিশোধিত মূলধন ১০ কোটি ৩২ লাখ টাকা। এর ভিত্তিতে কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ১ কোটি ৩ লাখ ২০ হাজার। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার কাঠামো অনুযায়ী, উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৩৩ দশমিক ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪ দশমিক ১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬২ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার।
