সংসদ সদস্য-গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সইয়ে এ গেজেট জারি হয়। এতে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা উল্লেখ করা হয়েছে। গেজেট প্রকাশের পর এখন সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হবে।

গতকাল রাতে গণভোটের ফলাফলেরও গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটের তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন। অন্যদিকে ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬‍ জন। গণভোটে বাতিল করা ব্যালট পেপারের সংখ্যাও বিপুল—৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত হলো, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে ক্ষেত্রে সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার। যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন, সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন।

সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অথবা তাঁর মনোনীত কেউ। নির্ধারিত তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠান না হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নবনির্বাচিত সদস্যদের শপথ পড়াবেন। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার নির্বাচন কমিশন ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।

নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাঁদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।