শ্রমিক আন্দোলনে ৮৫০ কোটি টাকার রপ্তানি ব্যাহত

টানা শ্রমিক আন্দোলনে দেশের তৈরি পোশাকশিল্পে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। গত দুই দিনে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রায় ৮৫০ কোটি টাকার (৭ কোটি মার্কিন ডলার) রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার থেকে সারা দেশের সব পোশাক কারখানা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে হামলা, ভাঙচুর ও সহিংসতার আশঙ্কায় কারখানার নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি উদ্যোক্তাদের।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত সোমবার ঢাকা, গাজীপুর, সাভার ও আশুলিয়া অঞ্চলের ৬৯০টি কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। এতে প্রায় ১৬ লাখ ৮০ হাজার শ্রমিক কাজে যোগ দিতে পারেননি। এক দিনেই রপ্তানি কার্যক্রমে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ডলার বা ৫০০ কোটি টাকা। এর আগের দিন রবিবার ৫২৯টি কারখানা বন্ধ থাকায় আরও ৩ কোটি ডলারের রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। টানা উৎপাদন বন্ধ থাকায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখা এবং অতিরিক্ত আকাশপথে পরিবহন ব্যয়ের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা।

বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মো. মিজানুর রহমান জানিয়েছেন, সোমবার সকালে শ্রমিকেরা কারখানায় এসে আন্দোলনে যোগ দেওয়ায় ঢাকা ও আশপাশের অধিকাংশ কারখানায় উৎপাদন চালানো সম্ভব হয়নি। এতে প্রায় ৪ কোটি ডলারের রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। এটি তাৎক্ষণিকভাবে ব্যাহত হওয়া রপ্তানি কার্যক্রমের হিসাব। এ ছাড়া কয়েকটি কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

উৎপাদন বন্ধ থাকার পাশাপাশি কারখানার পরিচালন ব্যয় ও পণ্য সরবরাহের সময়সূচিও ব্যাহত হচ্ছে। স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানিয়েছেন, শ্রমিক আন্দোলনের কারণে সোমবার তাঁর প্রতিষ্ঠানের দুটি কারখানা বন্ধ রাখতে হয়েছে। ৪৫টি উৎপাদন লাইনবিশিষ্ট কারখানা দুটি পরিচালনায় প্রতিদিন প্রায় ৯০ হাজার ডলার ব্যয় হয়। কারখানা চালু থাকুক বা বন্ধ থাকুক, এই নির্দিষ্ট পরিচালন ব্যয় বহন করতে হয়। ফলে উৎপাদন বন্ধ থাকায় পুরো দিনের ব্যয় প্রতিষ্ঠানটির ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিক আর্থিক ক্ষতির পাশাপাশি উৎপাদন সূচিতেও প্রভাব পড়েছে। ক্রেতাদের নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ ও জাহাজীকরণ নিশ্চিত করতে পরবর্তী সময়ে শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করিয়ে উৎপাদন ঘাটতি পূরণ করতে হবে। এতে উৎপাদন ব্যয় আরও বাড়বে।

উদ্যোক্তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আকাশপথে পণ্য পাঠাতে হয়। এতে পরিবহন ব্যয় কয়েক গুণ বেড়ে যায়। এই বাড়তি খরচ এড়াতে কারখানার মালিকেরা সাধারণত অতিরিক্ত সময় কাজ করিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পাঠানোর চেষ্টা করেন। ফলে চলমান সংকট দীর্ঘায়িত হলে আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার থেকে সারা দেশের সব পোশাক কারখানা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। তবে কারখানা চালু রাখার ক্ষেত্রে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উদ্যোক্তারা। তাঁদের মতে, অনিশ্চয়তার মধ্যে কারখানা পরিচালনা ও ব্যবসা টিকিয়ে রাখা কঠিন। কারখানা চালুর আগে শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মস্থলে যাতায়াতের পথ নিরাপদ করতে হবে।

উদ্যোক্তাদের কেউ কেউ চলমান সহিংসতার পেছনে রাজনৈতিক তৎপরতা ও কয়েকজন শ্রমিক ইউনিয়ন নেতার ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন। তাঁদের মতে, এসব অভিযোগ গোয়েন্দা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। পুলিশের মনোবল দুর্বল বলেও মন্তব্য করেছেন তাঁরা। শুধু বিজিবির উপস্থিতির ওপর নির্ভর না করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে মাঠপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। একই সঙ্গে সংকট মোকাবিলায় বিজিএমইএকে আরও দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা সংকটে দেশের পোশাকশিল্প তীব্র চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে চলমান সহিংসতায় কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থাও দুর্বল হচ্ছে। এ পরিস্থিতিতে সরকারকে দৃঢ় ও আইনানুগ পদক্ষেপের মাধ্যমে কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

গত অক্টোবর মাসে দেশে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। সারা দেশে পোশাক কারখানার সংখ্যা ২ হাজার ১৩৪টি। চার দিন সাপ্তাহিক ছুটি ধরে ২৬ দিনে এই রপ্তানি কার্যক্রম সম্পন্ন হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ১৯ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এই হিসাব অনুযায়ী, ৬৭০টি কারখানার উৎপাদন বন্ধ থাকায় সোমবার প্রায় ৪ কোটি ডলারের রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।