শ্যামল দত্তের ১৮ এবং বাবুর ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুর্নীতির তদন্তের অংশ হিসেবে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং তার স্ত্রী ও কন্যার নামে থাকা বিভিন্ন ব্যাংকের ১৮টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। একইভাবে একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং তার স্ত্রী ও কন্যার নামে থাকা ১১টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

শ্যামল দত্তসহ তার স্ত্রী সঞ্চিতা দত্ত ও কন্যা সুষমা শশী দত্তের নামে থাকা ১৮টি হিসাবে ৫ কোটি ৩২ লাখ ১৯ হাজার ৬৫ টাকা রয়েছে। আর মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী অপরাজিতা হক ও মেয়ে শাবাবা ইশায়াত হকের ব্যাংক হিসাবে ৩ কোটি ৮৯ লাখ টাকা রয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এসব তথ্য জানান।

দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক বায়োজিদুর রহমান খান দুই সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আবেদন করেন। আবেদনে বলা হয়, শ্যামল দত্ত, তার স্ত্রী সঞ্চিতা দত্ত ও কন্যা সুষমা শশী দত্তের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তদন্তে দেখা গেছে, এসব সম্পদের জন্য কোনো স্পষ্ট বৈধ উৎস পাওয়া যায়নি। এছাড়া সম্পদগুলো নানাভাবে হস্তান্তর বা স্থানান্তরের মাধ্যমে প্রকৃত উৎস লুকানোর চেষ্টা করা হয়েছে, যা অর্থ পাচারের অভিযোগের সঙ্গে সম্পর্কিত।

মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে আবেদনে বলা হয়, মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী-মেয়ে ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানে এসব অস্থাবর সম্পদ অর্জনের স্বপক্ষে কোনো সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি। এছাড়া সম্পদসমূহ নানাভাবে হস্তান্তর/স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার চেষ্টা নেওয়া হয়েছে, যা মানিলন্ডারিং জনিত অপরাধ মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়েছে।

দুদক মনে করছে, অভিযোগ সংশ্লিষ্ট দুই সাংবাদিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে অর্জিত এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা দলিল সম্পাদনসহ অন্যান্য কোনো উপায়ে মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা জরুরি বলে আবেদনে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক বায়োজিদুর রহমান খান।

** সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক
** ফ্ল্যাট কিনে কালো টাকা সাদা করেছেন সাবেক প্রেস সচিব
** ভোরের কাগজের প্রকাশক-সম্পাদকের বিরুদ্ধে মামলা

This will close in 5 seconds