অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের মালিকানাধীন দুটি লকার থেকে মোট ৮৩২.৫ ভরি—অর্থাৎ ৯ কেজি ৭১৬ গ্রাম—স্বর্ণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের বুলিয়ন শাখার স্বর্ণবিশেষজ্ঞ, এনবিআরের কর গোয়েন্দা ও সিআইসি’র দুই কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়।
২০০৭ সালের ১ সেপ্টেম্বর জমা দেওয়া সম্পদ বিবরণীতে শেখ হাসিনা পূবালী ব্যাংকের একটি এবং অগ্রণী ব্যাংকের দুইটি লকারের তথ্য উল্লেখ করেন। সেই বিবরণী পুনঃপরীক্ষার অংশ হিসেবে গত ১৪ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান লকারগুলো খোলার জন্য আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশনায় মঙ্গলবার পূবালী ব্যাংক মতিঝিল কর্পোরেট শাখা ও অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় লকার তিনটি খোলা হয়েছে বলে বুধবার দুদকের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।
লকারগুলোর মধ্যে – পূবালী ব্যাংক লকার নং-১২৮ এর গ্রাহক শেখ হাসিনা। যেখানে একটি খালি ছোট পাটের ব্যাগ পাওয়া গেছে। অগ্রণী ব্যাংক লকার-নং ৭৫১/বড়/১৯৬ শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলের নামে। যেখানে পাওয়া যায় ৪ হাজার ৯২৩.৬০ গ্রাম স্বর্ণালঙ্কার।
অন্যদিকে অগ্রণী ব্যাংক লকার নং ৭৫৩/বড়/২০০ এর গ্রাহক শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিক। যেখানে পাওয়া যায় ৪ হাজার ৭৮৩.৫৬ গ্রাম স্বর্ণালঙ্কার। সব লকারের মালামাল ইনভেন্টরি তৈরি করে শাখার ব্যবস্থাপকের জিম্মায় রাখা হয়েছে।
লকারে শেখ হাসিনা, শেখ রেহানা সিদ্দিক, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও ববি ওয়াজেদের হতে পারে বলে ধারণা দুদকের। আর গত ১০ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংক সেনা কল্যাণ ভবন শাখায় শেখ হাসিনার একটি লকার (নম্বর ১২৮) জব্দ করে সিআইসি।
গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। সেদিনের রায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও আদালত নির্দেশনা দেয়।
ফেরারি দুই আসামির সমস্ত সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার জন্য জব্দকৃত লকার খোলা হচ্ছে বলে এনবিআর জানায়। গত বছর ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবার সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। এর অংশ হিসেবে শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন ব্যাংকের লকার জব্দ করে সিআইসি।
** অগ্রণীর ভল্টে হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান
** অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার জব্দ
** শেখ হাসিনার পূর্বালী ব্যাংকের লকার জব্দ
