শুল্ক ছাড়া ই-বাস ও ট্রাক আমদানির সময় ১ মাস

বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক-কর অব্যাহতির ঘোষণা দিয়েছে সরকার। তবে এই সুবিধা পেতে হলে আগামী এক মাসের মধ্যে নির্ধারিত তিনটি শর্ত পূরণ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঈদের আগেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ফলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক-কর পরিশোধ করতে হবে না।

শুল্কমুক্ত সুবিধায় বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানির শর্তগুলো হলো—১. আমদানি করা বাস বা ট্রাক সম্পূর্ণ নতুন হতে হবে। রিকন্ডিশন গাড়ি আমদানি করা যাবে না। ২. আমদানিকৃত বাস বা ট্রাকে স্থাপিত ব্যাটারি প্রতিস্থাপন ছাড়া ন্যূনতম সাত বছর অথবা তিন লাখ কিলোমিটার চলবে, এমন ওয়ারেন্টিসম্পন্ন হতে হবে এবং এর সপক্ষে যথাযথ প্রামাণ্য দলিল থাকতে হবে। ৩. আমদানি করা ইলেকট্রিক বাস বা ট্রাক প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মানের হতে হবে অথবা সংশ্লিষ্ট রপ্তানিকারক দেশের টাইপ অ্যাপ্রোভাল অথরিটি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপ্রাপ্ত হতে হবে।

এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ন্যূনতম ড্রাইভারসহ ১৭ আসনবিশিষ্ট বৈদ্যুতিক বাস এবং ৫ টন বা তার বেশি ধারণক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ট্রাক আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, ভ্যাটের আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে। এই শুল্কমুক্ত সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে ৩ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২১ মে এনবিআর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।