শিশির মনিরের আয় ৫১ লাখ, স্ত্রীর ৮৯ লাখ

হলফনামা

নির্বাচনী ব্যয় নিজের আয় এবং দলের কর্মী ও শুভানুধ্যায়ীদের অনুদানের অর্থে বহন করবেন মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই প্রার্থীর বার্ষিক আয় প্রায় ৫১ লাখ টাকা। তাঁর স্ত্রীর আয় তাঁর তুলনায় প্রায় দ্বিগুণ এবং অস্থাবর সম্পদের পরিমাণ তিন গুণেরও বেশি। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবির–এর সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী। তাঁর বাড়ি শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে। এবারই প্রথম তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলর প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরী। তিনি এর আগে পাঁচবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে একবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া দলীয় চিঠি পেয়ে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরীও মনোনয়ন জমা দিয়েছেন। তাহির রায়হানও এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন।

হলফনামা পর্যালোচনায় দেখা গেছে, মোহাম্মদ শিশির মনির–এর পেশা আইন ব্যবসা। তাঁর বয়স ৪৪ বছর। পেশা থেকে বছরে তাঁর আয় ৫১ লাখ ৬৩ হাজার ৪০৭ টাকা। এ ছাড়া অন্যান্য উৎস, যেমন ব্যাংক লভ্যাংশ থেকে আয় ৯৬ হাজার ৫৯৩ টাকা। হলফনামায় তাঁর স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান–এর পেশা বেসরকারি চাকরি উল্লেখ করা হয়েছে। তাঁর বার্ষিক আয় ৮৯ লাখ ২৭ হাজার ৫১৫ টাকা। এর মধ্যে পেশা থেকে আয় ৬৪ লাখ ৬২ হাজার ৪৩২ টাকা, শেয়ার, বন্ড, সঞ্চয় ও ব্যাংক আমানত থেকে ৩ লাখ ৭৭ হাজার ৮৩৮ টাকা এবং অন্যান্য উৎস থেকে ২০ লাখ ৮৭ হাজার ২৪৫ টাকা।

অন্যদিকে, নাছির চৌধুরী–এর বাড়ি দিরাই উপজেলা সদরের আনোয়ারপুরে। তাঁর বয়স ৭৫ বছর এবং পেশা কৃষি। কৃষি থেকে বছরে তাঁর আয় দেখানো হয়েছে ৪ লাখ টাকা। তাঁর স্ত্রী পারভিন আকতার গৃহিণী।

যুক্তরাজ্য প্রবাসী তাহির রায়হান চৌধুরীর বাড়ি দিরাই উপজেলা সদরের মজলিসপুরে। বয়স ৪৯ বছর, পেশা আইন ব্যবসা। তিনি কৃষি ও অন্যান্য খাতে বছরে আয় দেখিয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৬৪৪ টাকা। তাঁর স্ত্রী রোমেনা রায়হান চৌধুরী যুক্তরাজ্যপ্রবাসী।