শিকদার ইন্স্যুরেন্সের ১১ পরিচালক-কর্মকর্তাকে জরিমানা

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ প্রসপেক্টাসে নির্ধারিত খাতে যথাযথভাবে ব্যবহার না করায় শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ জন পরিচালক ও কর্মকর্তাকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের গত বুধবার এক আদেশে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডিতদের মধ্যে রয়েছেন শিকদার ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্য নাসিম শিকদার, ভাইস চেয়ারম্যান মমতাজুল হক শিকদার, পরিচালক লিসা ফাতেমা হক শিকদার, মোহতাসিম বিল্লাহ খান, মোনিকা শিকদার খান, জোনাস শিকদার খান, সালাহ উদ্দিন খান, জেফরি খান শিকদার ও ম্যান্ডি খান শিকদার। এছাড়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রফিক এবং কোম্পানি সচিব আবদুর রাজ্জাককেও জরিমানা করা হয়েছে। বিএসইসির পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশনের ২০২৪ সালের ১৯ নভেম্বরের আদেশের পর শিকদার ইন্স্যুরেন্সের বিভিন্ন বিষয় পরিদর্শন করে কমিশনের পরিদর্শন দল। পরিদর্শন দলের প্রতিবেদনে কোম্পানিটির আইপিওর অর্থ ব্যবহারের বিষয়ে বিভিন্ন অসঙ্গতি উঠে আসে।

বিএসইসির তথ্য অনুযায়ী, শিকদার ইন্স্যুরেন্সের আইপিওর আকার ছিল ১৬ কোটি টাকা। ২০২৩ সালের ২২ নভেম্বর কোম্পানিটিকে আইপিওর সম্মতিপত্র দেয় কমিশন। একই বছরের ২১ ডিসেম্বর আইপিওর সাবস্ক্রিপশন শুরু হয়ে ২৮ ডিসেম্বর শেষ হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালের ১৪ জানুয়ারি কোম্পানিটি আইপিওর পুরো অর্থ ন্যাশনাল ব্যাংকে সংরক্ষিত এসক্রো হিসাবে গ্রহণ করে।

প্রসপেক্টাস অনুযায়ী, আইপিও থেকে পাওয়া অর্থের মধ্যে ৪ কোটি টাকা এফডিআরে বিনিয়োগ, ৪ কোটি ৮০ লাখ টাকা পুঁজিবাজারে বিনিয়োগ, ৬ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকা ফ্লোর কেনা এবং ১ কোটি ১১ লাখ ২৮ হাজার টাকা আইপিও-সংক্রান্ত ব্যয়ে ব্যবহারের কথা ছিল। এসব অর্থ আইপিওর টাকা পাওয়ার তিন মাসের মধ্যে নির্ধারিত খাতে ব্যবহারের কথা উল্লেখ ছিল। তবে কমিশনের পরিদর্শনে দেখা যায়, কোম্পানিটি আইপিওর অর্থ এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর করেছে। কোম্পানিটির ন্যাশনাল ব্যাংকে একটি এসক্রো হিসাবের পাশাপাশি একটি কারেন্ট ডিপোজিট হিসাব এবং সাউথইস্ট ব্যাংকে একটি এসএনডি হিসাব ছিল। আইপিওর অর্থ সময় সময় এসব হিসাবেও স্থানান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিদর্শন প্রতিবেদনে আরও দেখা যায়, কোম্পানিটি নির্ধারিত ৪ কোটি টাকার পরিবর্তে ৯টি ব্যাংকে মোট ৪ কোটি ২০ লাখ টাকা এফডিআর করেছে। অর্থাৎ এ খাতে নির্ধারিত সীমার চেয়ে ২০ লাখ টাকা বেশি বিনিয়োগ করা হয়। কোম্পানির পক্ষ থেকে বলা হয়, আইপিও ব্যয়ের জন্য বরাদ্দ অর্থের একটি অংশ থেকে অতিরিক্ত ২০ লাখ টাকা এফডিআরে বিনিয়োগ করা হয়েছে। তবে এ ধরনের খাত পরিবর্তনের আগে পাবলিক শেয়ারহোল্ডারদের অন্তত ৫১ শতাংশের অনুমোদন নেওয়ার শর্ত ছিল। কোম্পানিটি এ অনুমোদন নেয়নি। এটি সিকিউরিটিজ আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে বিএসইসি।

পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বরাদ্দ ছিল ৪ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে কোম্পানি প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা বিনিয়োগ করেছে। ফলে নির্ধারিত খাতের আরও ১ কোটি ৪০ লাখ টাকা অব্যবহৃত ছিল। কোম্পানির ব্যাখ্যায় বলা হয়, ন্যাশনাল ব্যাংকের তারল্য সংকটের কারণে ওই অর্থ নির্ধারিত সময়ে পুঁজিবাজারে বিনিয়োগ করা সম্ভব হয়নি। প্রতিবেদনের বলা হয়, ন্যাশনাল ব্যাংকের পশ্চিম ধানমন্ডি শাখায় ২০২৪ সালের ১৪ নভেম্বর ১ কোটি ৪০ লাখ টাকার দুটি চেক অনাদায়ী রয়েছে। এ ছাড়া আরও ৪০ লাখ টাকার একটি পে-অর্ডারও ওই ব্যাংকে আটকে আছে। বিএসইসি বলছে এর কারণে কোম্পানির আয়ে প্রভাব পড়ছে এবং এটি বিনিয়োগকারীদের স্বার্থ পরিপন্থি।

অন্যদিকে অফিসের ফ্লোর কেনার জন্য বরাদ্দ ৬ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকার কোনো অংশই নির্ধারিত সময়ে ব্যবহার করেনি শিকদার ইন্স্যুরেন্স। কোম্পানির পক্ষ থেকে বলা হয়, বাজার পরিস্থিতির কারণে উপযুক্ত জায়গা না পাওয়ায় ফ্লোর কেনা সম্ভব হয়নি এবং বিষয়টি পরিচালনা পর্ষদের বিবেচনায় ছিল। তবে বিএসইসি বলেছে, পুরো অর্থ অব্যবহৃত থাকায় কোম্পানিকে অফিস ভাড়া দিতে হচ্ছে এবং একইসঙ্গে অব্যবহৃত অর্থের সুযোগ ব্যয়ও তৈরি হচ্ছে যা শেষ পর্যন্ত শেয়ারহোল্ডারদের স্বার্থকে প্রভাবিত করছে।

পরবর্তীকালে কোম্পানির পরিচালনা পর্ষদ ফ্লোর কেনার জন্য বরাদ্দ অর্থ সরকারি ট্রেজারি বিলে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। বিএসইসির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং একই বছরের ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির ১১তম বার্ষিক সাধারণ সভায় তা শেয়ারহোল্ডারদের অনুমোদন পায়। বিষয়টি নিয়ে কোম্পানিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। শুনানিতে শিকদার ইন্স্যুরেন্সের পক্ষে বলা হয়, নির্ধারিত অর্থ ব্যবহারের বিষয়ে কোম্পানি কাজ করছে এবং অব্যবহৃত অর্থ যথাযথভাবে ব্যবহারের চেষ্টা করছে। বিশেষ করে এফডিআর, পুঁজিবাজারে বিনিয়োগ ও ফ্লোর কেনার অর্থ ব্যবহারে কোম্পানির পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিস্থিতির ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে কোম্পানির ব্যক্তব্য সন্তোষজনক না হওয়ায় জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।