শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১.৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়েছে। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, বিমানবন্দরের কর্মকর্তারা সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-০৫৮৪ ফ্লাইটের যাত্রী রোমান মিখাইলভ গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাঁর ব্যাগেজ স্ক্যান করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৭৮.৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়। যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ বিধিমালা অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দিয়ে বাকি ৭৭.৫০ লিটার আটক করা হয়।
CIID Alcohol 1
অন্যদিকে, ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে তুর্কিশ এয়ারলাইনসের টি-কে০৭১২ ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলামের ব্যাগেজ স্ক্যান করে আরও ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়। পরে এসব মদও আটক করা হয়। দুটি ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় গোপন তথ্য, যাত্রী যাচাই ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।