আট মাসের ব্যবধানে আবারও আগুন লাগল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটে আগুনের সূত্রপাত হয় বলে খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট এবং বিমান বাহিনীর ঘাঁটি একে খন্দকার থেকে দমকলের গাড়ি যোগ দিলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান রাত দেড়টার দিকে সাংবাদিকদের বলেন, রাত ১১ টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়। বিমানবন্দরের কার্গো ভিলেজের যে অংশে কুরিয়ার সার্ভিসগুলো কাজ করে, সেখানে একটি কন্টেইনারে আগুনের সূত্রপাত হয়। এর আগে গত অক্টোবরেও কুরিয়ার সার্ভিসের অংশেই (খাঁচায়) আগুন লেগেছিল।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ জানান, রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে কুরিয়ার অপারেশন এলাকায় একটি কন্টেইনারের ভেতর ও আশপাশে আগুনের সূত্রপাত দেখা যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিমান বাহিনীর ঘাঁটি একে খন্দকার থেকে দমকলের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, বর্তমানে আগুন সম্পূর্ণ নিভে গেছে। তবে অন্য কোনো উৎস থেকে আগুন ছড়ানোর সম্ভাবনা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট ওঠানামায় কোনো সমস্যা হয়নি বলে রাগীব সামাদ জানান। এর আগে গত বছরের অক্টোবরে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট তখন আগুন নেভাতে কাজ করে। সেই আগুন পুরোপুরি নেভাতে ২৭ ঘণ্টা লেগে যায়।
