লেবার হ্যান্ডেলিংয়ের নামে বছরে ২৩ কোটি টাকা লুট

বাংলাবান্ধা স্থলবন্দর

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় লেবার হ্যান্ডেলিংয়ের নামে ব্যাপক অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ একটি প্রভাবশালী সিন্ডিকেট এখনো বাংলাবান্ধা স্থলবন্দরের লেবার হ্যান্ডেলিং নিয়ন্ত্রণ করছে। এর মাধ্যমে আমদানিকারক ব্যবসায়ীদের কাছ থেকে বছরে প্রায় ২৩ কোটি টাকা আদায় করে একটি চক্রের পকেটে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানিকারকদের কাছ থেকে আমদানি পণ্য লোড ও আনলোড বাবদ প্রতি টনে ৭৬ টাকা ৮৩ পয়সা করে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, কোনো ধরনের কাজ না করেই এই পুরো অর্থ হাতিয়ে নিচ্ছে বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট ও আফতাহী ট্রেড ইন্টারন্যাশনাল (এটিআই) নামের লেবার হ্যান্ডেলিং কোম্পানি। আলোচিত প্রতিষ্ঠান আফতাহী ট্রেড ইন্টারন্যাশনালের (এটিআই) স্বত্বাধিকারী বুড়িমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ওরফে বাবুল হোসেন। দেশের বিভিন্ন স্থানে বিতর্কিত আওয়ামী লীগের নেতারা ব্যবসা-বাণিজ্য ছেড়ে আত্মগোপনে থাকলেও বাংলাবান্ধায় আফতাহী ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবসা এখনো চলমান রয়েছে বলে জানা গেছে। বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরে আমদানি হয়েছে ১৫ লাখ ১৬ হাজার ১৪০ টন পণ্য। লোড ও আনলোড বাবদ প্রতি টনে মোট ১৫৩ টাকা ৬৬ পয়সা হিসাবে ওই অর্থবছরে আমদানিকারকদের কাছ থেকে আনলোড বাবদ ২৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ৭২ টাকা আদায় হয়েছে।

আমদানিকারকদের অভিযোগ, সেবা না দিয়েও অর্থ আদায় করছে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ। লোড আনলোড এবং অন্যান্য খরচসহ প্রতি টনে ১৯১ টাকা আদায় করা হলেও মালামাল লোড করে দেওয়া হয় না। এতে তাদের পুনরায় লোডিং খরচ গুণতে হয়। ফলে ব্যয় বৃদ্ধি পাওয়ায় ব্যবসায় লোকসান গুণতে হচ্ছে। আর দিন দিন লোকসানে পড়ে স্থলবন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক আমদানিকারক ও ব্যবসায়ী।

অভিযোগে আরও জানা যায়, বিগত পতিত সরকারের আমলে ২০১৮ সালে রাতের আঁধারে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ আফতাহী ট্রেড ইন্টারন্যাশনাল (এটিআই) নামে অখ্যাত একটি কোম্পানিকে লেবার হ্যান্ডেলিং কাজের নিমিত্তে কার্যাদেশ দেয়। সে সময় এ কার্যাদেশ নিয়ে এলাকায় ব্যাপক আন্দোলন সংগ্রামও হয়। এসবে কোনো সুফল আসেনি। কারণ এই এটিআই এর পেছনে ছিল স্থানীয় একটি শক্তিশালী সিন্ডিকেট ও লুটেরা চক্র। এরপরও বছরের পর বছর ধরে এই চক্রটিকে দায়িত্ব দিয়ে আসছে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ।

অভিযোগ রয়েছে, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন, দলীয় নেতা, সিএন্ডএফ সদস্য এবং কয়েকজন ব্যবসায়ীও এই সিন্ডিকেট পরিচালনায় যুক্ত ছিলেন। বর্তমানে নতুন করে আরও কিছু ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনৈতিক নেতা এতে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট শ্রমিক সংগঠনের সভাপতি আকতারুল ইসলাম বলেন, আমদানিকারকদের কাছ থেকে লোড-আনলোড বাবদ অর্থ বন্দর কর্তৃপক্ষ বাধ্যতামূলকভাবে আদায় করে। তবে শ্রমিকদের আনলোড বাবদ ৪২ থেকে ৪৩ টাকা দেওয়া হয়। লোডের কাজ না করেও বাকি অর্থ আফতাহী ট্রেড ইন্টারন্যাশনাল (এটিআই) ও স্থলবন্দর কর্তৃপক্ষ হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে বক্তব্য জানতে লেবার হ্যান্ডেলিং কোম্পানি আফতাহী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রুহুল আমিন বাবুলকে ফোন করা হয় এবং খুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমরা আমদানিকারকদের পণ্য লোড করে দিতে চাই। কিন্তু ব্যবসায়ীরাই ইয়ার্ডে পাথর লোড করে নিতে চায় না। তবে লোডিং বাবদ আমদানিকারকদের ৩২ টাকা ফেরত দেওয়া হয়। আর বাকি টাকা বন্দর চার্জ, সরকারি ট্যাক্স ভ্যাট বাবদ কর্তৃপক্ষ রেখে দেয়।