লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় আরও ১৭০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকারের সহযোগিতায় এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রত্যাবাসিতদের অধিকাংশই দালাল চক্রের প্রলোভনে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে গিয়ে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের স্বাগত জানান সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের জন্য প্রাথমিক চিকিৎসা, খাবার, যাতায়াত খরচ এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের তাদের অভিজ্ঞতা তুলে ধরতে অনুরোধ জানানো হয়েছে, যাতে মানবপাচারের ঝুঁকি সম্পর্কে আরও সচেতনতা তৈরি হয়। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে বলেও জানানো হয়েছে।
