লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে এক যুবক। সিসিটিভি ফুটেজে মাস্ক পরিহিত ওই যুবককে দেওয়াল টপকে কার্যালয়ে ঢুকতে ও বের হতে দেখা যায়। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত চারটার দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরা এক যুবক গেটের পশ্চিম পাশের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর আগুনের রশ্মি দেখা যায়। এরপর তিনি আবার গেট টপকে বের হয়ে যান।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, মাস্ক পরিহিত এক যুবক জানালার কাচ ভেঙে বা খুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সে সময় ভেতরে দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন। বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার করলে আগুন দেওয়া যুবক পালিয়ে যায়। এ ঘটনায় ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। পাশাপাশি একটি অকেজো ডেস্কটপ সিপিইউসহ কিছু সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি আরও জানান, খবর পেয়ে তিনি এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ কার্যালয়ে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে এসে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে দ্রুত বিষয়টি নজরে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, নির্বাচন কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

