রাজধানীর ডেমরায় রোলেক্স ব্র্যান্ডের হাতঘড়ির ব্যবসায় অংশীদার করার প্রলোভনে এক ব্যক্তির কাছ থেকে ৪৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ডেমরার বাঁশেরপুল ইস্টার্ন হাউজিং সোসাইটি এলাকার রয়েল গার্ডেনের ৪/এ নম্বর ফ্ল্যাটে। অভিযোগে যাদের নাম এসেছে, তারা সবাই ওই ফ্ল্যাটেরই বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী মামুন (৪২) গতকাল শুক্রবার রাতে ডেমরা থানায় অভিযুক্ত মানিক (৬৫), দেলোয়ার (৬০) ও আজাদসহ (৫৬) অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এ ঘটনায় কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
জানা যায়, ১০ নভেম্বর জমি বিক্রির কাগজপত্র নিয়ে মামুন আগেই যোগাযোগ করা মানিকের সঙ্গে দেখা করতে ডেমরার ইস্টার্ন হাউজিং এলাকায় যান। সেখানে মানিকসহ অভিযুক্তরা তাকে আটটি রোলেক্স ঘড়ি দেখিয়ে ব্যবসায় শেয়ার দেওয়ার প্রলোভন দেখান এবং ঘড়ির চালান আনতে টাকা প্রয়োজন বলে দাবি করেন। তাদের কথায় বিশ্বাস করে মামুন ১১ নভেম্বর রয়েল গার্ডেনের একটি ফ্ল্যাটে ১০ লাখ এবং ১৯ নভেম্বর একই জায়গায় আরও ৩৫ লাখ টাকা দেন। তখন তিন আসামির পাশাপাশি এক বিদেশি পুরুষ ও এক অজ্ঞাত নারীও উপস্থিত ছিলেন। টাকা নেওয়ার পর ঘড়িগুলো গোনার কথা বলে আসামিরা পাশের কক্ষে গিয়ে কৌশলে সরে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে।
