রোজা শুরু হতে এখনও দুই-তিন দিন বাকি। এর আগে থেকেই রাজধানীর কাঁচাবাজারে লেবুর দাম বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারভেদে প্রতি হালি লেবুর দাম ৭০ থেকে ২০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে, যা ছোট সাইজ থেকে বড় জাম্বুরা সাইজের লেবু পর্যন্ত প্রযোজ্য। এর ফলে প্রতি পিস লেবুর দাম প্রায় ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত পড়ছে। খুচরা ব্যবসায়ীরা জানান, এখন লেবুর সিজন না হওয়ায় সরবরাহ কম থাকায় দাম বেশি। এছাড়া কিছু বাগান মালিক রমজান শুরু হওয়ার আগে গাছ থেকে লেবু না পাড়ায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন।
রাজধানীর খিলগাঁও, মুগদা, শান্তিবাজার ও হাতিরপুলসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে একই ধরনের লেবুর দাম বাজারভেদে ভিন্ন। মুগদা-খিলগাঁওয়ে ছোট সাইজের লেবুর হালি ৬০-৭০ টাকা হলেও শান্তিবাজারে একই সাইজের দাম ৮০-৯০ টাকা। ফলে এক ডজন লেবুর দাম পড়ছে ১৮০ থেকে ২১০ টাকা পর্যন্ত। কিছু বাজারে দাম বেড়ে ২৪০ থেকে ২৭০ টাকায় পৌঁছেছে। কয়েকদিনের ব্যবধানে হালিতে লেবুর দাম বাড়ায় ক্রেতারা বিপাকে পড়েছেন। হাতিরপুল কাঁচাবাজারে আসা চাকরিজীবী রুবেল বলেন, “এক ডজন লেবু কিনতে ২৫০-৩০০ টাকা খরচ হলে অন্য জিনিস কিভাবে কিনব? রমজান না আসতেই দাম বাড়লে আমাদের মতো স্বল্প আয়ের মানুষদের কষ্ট বেড়ে যায়। বাজার ব্যবস্থার স্থিরতা জরুরি।
খিলগাঁও রেলগেট সংলগ্ন ভ্যানে সবজি বিক্রি করা সোহেল বলেন, ‘গত কয়েকদিন ধরেই লেবুর দাম বেশি। আড়তে গেলে লেবু কম থাকায় আড়তদাররা দাম বেশি নিচ্ছে। এজন্য আগে বেশি লেবু আনলেও এখন কম করে আনছি।’ রিপন যে সাইজের লেবু বিক্রি করছেন সেটির হালি ৭০ টাকা বলে জানান। তার যাত্রাবাড়ী আড়ত থেকে পাইকারি দামে ১০০ লেবু কিনতে ১ হাজার ৫০০ টাকা গুনতে হয়েছে বলে উল্লেখ করেন।
বাজারে মাঝারি সাইজের লেবু আরও বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। মাঝারি সাইজের লেবুর দাম হচ্ছে হালি ৮০-৯০ টাকা এবং বড় সাইজের লেবুর হালি ১৪০ থেকে ১৬০ টাকা পর্যন্ত। সে হিসাবে ডজন পড়ছে ২৪০ থেকে ২৭০ টাকা (মাঝারি সাইজ) এবং ৪২০ থেকে ৪৮০ টাকা পর্যন্ত। তবে বাজারভেদে এর দাম কিছুটা এদিক-সেদিক রয়েছে। বড় সাইজের লেবুর দাম আরও বেশি দেখা গেছে। যদিও এই সাইজের লেবু সব জায়গায় পাওয়া যায় না। যেখানে পাওয়া গেছে সেখানে হালি ১৮০ থেকে ২১০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তার মানে ডজনের দাম পড়ে ৫৪০ থেকে ৬৩০ টাকা পর্যন্ত।
রাজধানীর খুচরা বাজারের তুলনায় লেবুর পাইকারি দাম যাচাই করতে কারওয়ান বাজারের আড়তে গেলে দেখা যায় দাম কিছুটা কম। তবে অন্যান্য সময়ের তুলনায় এখানে লেবুর সরবরাহ কম। পাইকারিতে ছোট সাইজের লেবু ১০০ পিসে ১,২০০ থেকে ১,৬০০ টাকায়, মাঝারি সাইজ ১,৮০০ থেকে ২,২০০ টাকায় এবং বড় সাইজের লেবু ৩,৫০০ থেকে ৩,৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বড় জাম্বুরা সাইজের লেবু ১০০ পিসে ৩,৮০০ থেকে ৪,০০০ টাকায় পাওয়া যাচ্ছে।
রাজধানীর খুচরা বাজারে লেবুর দাম বেশি হওয়ায় রমজানকে সামনে রেখে অনেক ক্রেতা পাইকারি দামে লেবু কিনতে কারওয়ান বাজারে আসছেন। বেসরকারি চাকরিজীবী আরিফ রহমানও তার মধ্যে একজন। তিনি ৩২ টাকা করে ৩০টি লেবু কিনলেন এবং বললেন, এলাকার বাজারে দাম অনেক বেশি। যদিও পাইকারি বাজারের দামও বেশি, তবে খুচরা বাজারের তুলনায় কিছুটা কম পেয়ে ভালো লাগলো। রমজান না আসতেই এভাবে দাম বাড়াটা অযৌক্তিক মনে হলো। লেবুর দাম বেশি হওয়ার বিষয়ে কারওয়ান বাজারের একজন পাইকারি ব্যবসায়ী বলেন, এখন লেবুর সিজন নয় এবং রমজানও আসছে। এজন্য যাদের বাগান আছে তারা গাছ থেকে লেবু কম পাড়ছেন। ফলে বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
