বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স দ্রুত ও সহজে বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দিতে বিকাশ ও মাস্টারকার্ডের মধ্যে একটি চুক্তি হয়েছে। মাস্টারকার্ড মুভ সেবার মাধ্যমে এখন বিকাশ গ্রাহকের ওয়ালেটে সরাসরি রেমিট্যান্স জমা হবে। এ অংশীদারিত্বের ফলে মাস্টারকার্ডের সঙ্গে যুক্ত ব্যাংক ও অনুমোদিত মানি ট্রান্সফার অপারেটরগুলোর মাধ্যমে পাঠানো অর্থ সরাসরি বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করা যাবে।
রেমিট্যান্সের অর্থ ব্যবহার করে গ্রাহকরা বিকাশের মাধ্যমেই ঘরে বসে বিভিন্ন সেবা নিতে পারবেন। এর মধ্যে রয়েছে পণ্য ও সেবার মূল্য পরিশোধ, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল প্রদান, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ফি পরিশোধ এবং সেভিংস অ্যাকাউন্ট খোলা। পাশাপাশি দেশজুড়ে বিস্তৃত ৩ লাখ ৫০ হাজারের বেশি বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে সহজে ক্যাশ আউট সুবিধাও পাওয়া যাবে। ফলে দেশের লাখো মানুষের জন্য রেমিট্যান্স গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হয়ে উঠবে।
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, নিরাপদ, তাৎক্ষণিক এবং নিরবচ্ছিন্ন রেমিট্যান্স সেবার মাধ্যমে বিকাশ প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের আস্থা অর্জন করেছে। এ ধারাবাহিক প্রচেষ্টার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বিকাশ লাখো প্রবাসী বাংলাদেশির কাছে রেমিট্যান্স গ্রহণের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশে বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা জানান, দ্রুত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক একটি পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে মাস্টারকার্ড। তিনি বলেন, বিকাশের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে দেশের মানুষ এখন আরও সহজে বিদেশ থেকে সরাসরি মোবাইল ওয়ালেট বা বিভিন্ন ক্যাশ পিক-আপ পয়েন্টের মাধ্যমে অর্থ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, এ উদ্যোগের মাধ্যমে ক্রস-বর্ডার পেমেন্টের পরিধি বাড়ানো এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করার লক্ষ্যেও কাজ করা হচ্ছে।
