ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় আগামী ৩১ মার্চ। তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে আবেদন করলে করদাতারা অতিরিক্ত তিন মাস পর্যন্ত সময় পাবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা শেখ মো. আল-আমিন।
তিনি জানান, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই লিখিতভাবে আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত সর্বোচ্চ ৯০ দিন সময় বাড়ানোর অনুমোদন দিতে পারেন। করদাতারা অনলাইনে এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে লগইন করে “Time Extension” মেন্যু ব্যবহার করে সময় বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন। পরে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনে সেই আবেদন অনুমোদন বা নামঞ্জুর করবেন।
এনবিআর জানিয়েছে, সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে করদাতারা বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ করবর্ষে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় ৪১ লাখ করদাতা ইতোমধ্যে তাদের রিটার্ন জমা দিয়েছেন। ফলে এখনো প্রায় ৯ লাখ করদাতা রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই পরিস্থিতি বিবেচনায় শর্তসাপেক্ষে করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
