রাতের ভোটে ১০ হাজার কোটি টাকার লেনদেন

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘রাতের ভোট’ নিয়ে রহস্য উদঘাটনের জন্য পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা সংস্থা প্রায় ছয় মাস তদন্ত চালিয়েছে। এতে রাতের ভোটের কারিগরদের শনাক্ত করা হয় এবং অর্থ লেনদেনের তথ্যও পাওয়া গেছে। অভ্যন্তরীণ তদন্তে জানা যায়, রাতের ভোট সম্পন্ন করতে মোট ১০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ক্যাডারদের জন্য সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, বাকি অর্থের একটি অংশ কয়েকটি খাতে গিয়ে শেষ হয়েছে, বাকিটা নিয়েছে আওয়ামী লীগ নেতারা।

তদন্তে জানা গেছে, রাতের ভোটের অর্থ সংগ্রহে আওয়ামী লীগের ছয় প্রভাবশালী নেতা সক্রিয় ছিলেন। তারা দেশ-বিদেশের ব্যবসায়ী ও অন্যান্য খাত থেকে অর্থ সংগ্রহ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের তিন মাস আগে রাতের ভোট সম্পন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের হাইকমান্ডের নির্দেশনায়। এই প্রক্রিয়ায় পুলিশের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা জড়িত ছিলেন। তাদের মধ্যে অনেকেই বর্তমানে বিদেশে রয়েছেন। আওয়ামী লীগ নেতাদের মধ্যে কিছু কারাগারে থাকলেও বাকিরা দেশের বাইরে অবস্থান করছেন।

তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন, রাতের ভোটাধিকার জালিয়াতির মূল কুশীলবদের উদঘাটন করেছে অন্তর্বর্তী সরকার। ক্ষমতা ধরে রাখতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেপরোয়া অবস্থায় ছিলেন। গণতন্ত্র হত্যা সংক্রান্ত নির্দেশ মেনে পুলিশ, প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। যারা এ কাজে জড়িত ছিলেন, তাদের পরিচয়ও উদঘাটিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে খুশি করতে তারা ‘ভোট কলঙ্কের’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার আগের সরকারের নানা অবিচার সামনে নিয়ে এসেছে এবং বিশেষভাবে রাতের ভোটের বিষয়টি জোরালোভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছে। রাতের ভোট নেওয়ার কারিগর ও সহায়তাকারীদের একটি তালিকা তৈরি করা হয়েছে, যেখানে পুলিশের নাম সবচেয়ে বেশি। এতে সাবেক আইজিপি, সব ইউনিট প্রধান, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশের সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর, জেলা প্রশাসক ও থানার নির্বাহী কর্মকর্তাদের নাম রয়েছে। এছাড়া রাতের ভোটের অন্য কারিগর হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের নামও অন্তর্ভুক্ত।

রাতে ভোট নিতে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনের ৩ মাস আগে

পলিশ সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে পুলিশ সদর দপ্তর, সবকটি ইউনিট ও কয়েকটি গোয়েন্দা সংস্থা আলাদাভাবে তদন্ত করে। পুলিশের অভ্যন্তরীণ তদন্তে বলা হয়েছে, ২০১৮ এর জাতীয় নির্বাচনের মাস তিনেক আগে গণভবনে বিশেষ বৈঠক হয়। ওই বৈঠকে শেখ রেহানা, তারেক আহমেদ সিদ্দিকী, সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাতের ভোট করতে একটি বাজেট ধরা হয়। বাজেটের অর্থ সংগ্রহ করতে শেখ রেহানা, সালমান এফ রহমান, আনিসুল হক, তারিক আহমেদ সিদ্দিকীসহ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়। তারা দেশ ও বিদেশে থাকা প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন।

ধাপে ধাপে দেওয়া হয় অর্থ

প্রতিবেদনে উঠে এসেছে, ১০ হাজার কোটি টাকার মধ্যে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান ৮ হাজার কোটি টাকা দেয় শেখ রেহানাকে। রাষ্ট্রীয় ও বেসরকারি উভয় খাত জিম্মি করেই করা হয় এ চাঁদাবাজি ও লুটপাট। যার একমাত্র লক্ষ্য ছিল নির্বাচন নিয়ন্ত্রণ ও ক্ষমতা ধরে রাখা। এসব অর্থের মধ্যে ৩ হাজার ৫০০ কোটি টাকা সরাসরি দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের উচ্চপর্যায়ে। বাকি ৫ হাজার কোটি টাকা লুটপাট করে নেন ছয় পরিকল্পনাকারী। অবশিষ্ট অর্থ ব্যয় হয় রাজনৈতিক অপারেশন, মাঠপর্যায়ের ম্যানেজমেন্ট এবং গোপন কার্যক্রমে। রাতের ভোট শেষ করতে পুলিশের জন্য ওই সময় বরাদ্দ করা হয় প্রায় ১ হাজার কোটি টাকা, যা ধাপে ধাপে নগদ আকারে পুলিশ সদর দপ্তরে পৌঁছে দেওয়া হয়। এ অর্থ পৌঁছানোর চেইনও ছিল নিখুঁতভাবে সাজানো। সালমান এফ রহমান, এইচ টি ইমাম এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব হারুন উর রশিদ, উপসচিব ধনঞ্জয় দাস, সিটিটিসির তৎকালীন ডিসি প্রলয় কুমার জোয়ার্দারসহ আরও কয়েকজন নগদ অর্থ পরিবহন ও হ¯-াš-রের কাজে যুক্ত ছিলেন। কয়েক দিন ধরে পর্যায়ক্রমে এ টাকা পুলিশ সদর দপ্তরে পৌঁছানো হয় বলে সত্যতা মিলেছে অভ্যন্তরীণ তদন্তে-।

দ্বিতীয় ধাপে যারা অর্থ বিতরণ করেন

প্রতিবেদনে বলা হয়, সুষম বিতরণের উদ্দেশ্যে পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখায় গড়ে তোলা হয় একটি গোপন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এই টিমের নেতৃত্বে ছিলেন অনেকেই। তাদের হাত ধরেই জেলা, রেঞ্জ, মেট্রোপলিটন ইউনিট, র‌্যাব ও অন্যান্য বিশেষ ইউনিটে ভোট ডাকাতির টাকা পৌঁছে যায়। ২০১৮ সালের ১৭ ডিসেম্বরের পর থেকেই তৎকালীন ৬৪ জেলার পুলিশ সুপার, আটটি রেঞ্জের ডিআইজি, আটটি মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং বিশেষ ইউনিট প্রধানদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয় বলে পুলিশের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে নিশ্চিত করেন। তিনি বলেন, ভোট ডাকাতির ঘটনায় যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, তা নজিরবিহীন।

রেঞ্জ ও জেলায় বরাদ্দের পরিমাণ

একেকটি জেলার জন্য বরাদ্দ ছিল ৫ থেকে ১০ কোটি টাকা। রেঞ্জ পর্যায়ে দেওয়া হয় ৫ থেকে ১৫ কোটি টাকা। ডিএমপি ও অন্যান্য মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনাররা পান ২ থেকে ৭ কোটি টাকা করে। থানা পর্যায়ে ওসিরা পান ১০ লাখ টাকা, ওসি তদন্ত- ও অপারেশনস পান ৫ লাখ আর এএসপি ও সার্কেল পর্যায়ের কর্মকর্তারা পান ৫ থেকে ১০ লাখ টাকা করে। আবার কোনো রেঞ্জকে ১৫ কোটি আবার কোনো রেঞ্জকে ৫ থেকে ৭ কোটি দেওয়া হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহ রেঞ্জের তৎকালীন রেঞ্জের ডিআইজিদের মাধ্যমে অর্থ বণ্টন করা হয়। তাদের সবাইকেই রাতের ভোট শেষ করায় পুরস্কার হিসেবে নগদ অর্থ, বিপিএম বা পিপিএম পদকে ভূষিত করা হয়।

ইউনিটগুলোতে যে পরিমাণ অর্থ বণ্টন

তদন্তে- জানা যায়, বেনজীর আহমেদ র‌্যাবের নামে নেন ১০০ কোটি, এসবির অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম নেন ৫০ কোটি আর তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী পুলিশ সদর দপ্তরের নামে নেন অন্তত ১৫০ কোটি টাকা। এ ছাড়া অন্যান্য ইউনিটের প্রধানরা নেন ৭ থেকে ১০ কোটি টাকা। এ অর্থের বিনিময়ে সংশ্লিষ্ট ইউনিটগুলো নির্বাচনের দিন ও আগের রাতে ‘নীরব কার্যকর’ ভূমিকা পালন করে। বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে অন্তত ৫২ জন কর্মকর্তা এ অপারেশনে অংশ নেন। তাদের অধীনে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা কেন্দ্র দখল, ব্যালটভর্তি, বিরোধী এজেন্টদের বের করে দেওয়া এবং ভোটের ফল ‘ম্যানেজ’ করার দায়িত্ব পালন করেন।

অভিযুক্তদের মধ্যে বেশিরভাগই বিদেশে

পুলিশের তদন্তে বেরিয়েছে, তালিকাভুক্ত পুলিশ সদস্যদের মধ্যে অন্তত ১৫ জন কর্মকর্তা যুক্তরাষ্ট্র, লন্ডন, অস্ট্রেলিয়া, তুরস্ক, দুবাই ও ভারতে আশ্রয় নিয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শক, এসআই, সার্জেন্ট, এএসআই, নায়েক কনস্টেবলরা কর্মস্থলে অনুপস্থিত আছেন। এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, পুরস্কারের জন্য তাদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে পদোন্নতি ও পুরস্কৃত করার পেছনে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক ও ৬৪ জেলার পুলিশ সুপারদের পদক তালিকায় বিশেষ প্রাধান্য পেয়েছেন। তাদের পদোন্নতির পাশাপাশি ভালো স্থানে পদায়ন করা হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, নৈশভোটে যারা সব ধরনের সহায়তা করেছেন, তাদের তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি সরকারের শীর্ষ মহলের পাশাপাশি দুদকের কাছেও পাঠানো হয়। তদন্তে জানা যায়, রাতের ভোটের কনসেপ্টটি প্রথমে পুলিশের মাধ্যমেই এসেছিল।

ওবায়দুল কাদের ছিলেন সার্বিক ব্যবস্থাপনায়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিটি মহানগর, জেলা, বিভাগীয়, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সব নেতাকর্মীকে নিয়ে নির্বাচনে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়। নেতাদের নির্দেশে কোনো কোনো কেন্দ্রে ভোটারের চেয়ে বেশি ভোট কেটে ফেলা হয়েছিল। পরে ব্যালট পুড়িয়ে আবারও হিসাব করে ভোট ভরা হয় বাক্সে।