এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা মো. তৈয়বুর রহমানের মালিকানাধীন চারটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক রোমান উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদন অনুযায়ী রাজস্ব কর্মকর্তার নামে থাকা ঢাকার দক্ষিণখান ১১০০ বর্গফুটের দুইটি ও ৫৫০ বর্গফুটের দুইটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়েছে, তৈয়বুর রহমান কর্তৃক ৩৭ লাখ ১২ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অভিযোগে এবং ৫০ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের সম্পদ গত বছরের ৩ মার্চ দাখিলকৃত সম্পদ বিবরণীতে তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করায় দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে।
মামলা তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে, তিনি তার নামের ফ্ল্যাট সমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন, যা করতে পারলে মামলা আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। এজন্য এসব সম্পদ ক্রোক করা একান্ত প্রয়োজন।
