পাবনার ঈশ্বরদীতে ‘আল্লাহর দান এগ্রো কমপ্লেক্স’ অটো রাইস মিলের বর্জ্য পানিতে ৪৫ পরিবার জলাবদ্ধ হয়ে পড়েছে। বাধ্য হয়ে ভুক্তভোগীরা মিলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন, মিলের বর্জ্য মিশ্রিত পানি জনবসতিতে ঢুকে মারাত্মক ভোগান্তি তৈরি করেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে অরণকোলা বাগবাড়িয়া চকনারিচা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ২০১১ সালে প্রতিষ্ঠিত আল্লাহর দান কমপ্লেক্স রাইস মিলে মুড়ি তৈরির চাল ও মোটা চাল প্রক্রিয়াকরণ করা হয়। তবে ওই রাইস মিলের বর্জ্য মিশ্রিত নোংরা পানি নির্দিষ্ট ক্যানেলের মাধ্যমে জনবসতিপূর্ণ এলাকায় নিষ্কাশিত করা হচ্ছে। এতে বসবাসরত ৪৫টি পরিবারের বসতবাড়ির আঙিনায় পানি ঢুকে পড়ছে। শুধু তাই নয়, আশপাশের আবাদি জমিতে এ বর্জ্য মিশ্রিত পানি ঢুকে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। এতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে ভুক্তভোগী পরিবারগুলোকে। একাধিকবার মিল কর্তৃপক্ষকে বলেও কোনো সমাধান হয়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারগুলোর।
মিল কর্তৃপক্ষের দাবি, ‘আল্লাহর দান এগ্রো কমপ্লেক্স’ রাইস মিলের বর্জ্য পানির জন্য নির্দিষ্ট একটি পুকুর রয়েছে। পুকুরটি ভরে যাওয়ায় কিছু বর্জ্য পানি অসাবধানতাবশত জনবসতিতে ঢুকে পড়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে, মিলের পেছনের একটি ক্যানেল দিয়ে বর্জ্য মিশ্রিত পানি নিষ্কাশন করা হচ্ছে। এই পানি আশপাশের বাড়িঘর ও চলাচলের রাস্তায় ঢুকে তীব্র ভোগান্তি তৈরি করেছে। দুর্গন্ধযুক্ত নোংরা পানিতে চলাচলের কারণে শিশু ও বড়দের শরীরে চর্মরোগও দেখা দিয়েছে।
ভুক্তভোগী মোছা. মুক্তা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে মিলটি নোংরা পানি তাদের বাড়িঘরের দিকে ছাড়ছে। বাড়ির ভেতর ও রাস্তায় সবসময় পানি জমে থাকে, ফলে পরিবারগুলো চরম ভোগান্তির মধ্যে পড়েছে। ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক ও শাহাবুদ্দিন শরিফ জানান, বহুবার অভিযোগ করলেও মিল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। দুর্গন্ধযুক্ত পানির মধ্যে দিয়ে চলাফেরা করতে গিয়ে শিশু থেকে বড়দের শরীরে চর্মরোগ দেখা দিচ্ছে। শুধু তা–ই নয়, বর্জ্য মিশ্রিত পানি আশপাশের আবাদি জমিতেও ঢুকে চাষাবাদ ক্ষতিগ্রস্ত করছে। তারা বলেন, আজ নিরুপায় হয়ে মিলের সামনে বিক্ষোভে দাঁড়িয়েছি। এই দূষিত পানি থেকে মুক্তি চাই।
তবে এ ব্যাপারে আল্লাহর দান এগ্রো কমপ্লেক্স রাইস মিলের মালিক মো. আনোয়ার হোসেন বলেন, আমাদের কারখানার পানি নিষ্কাশনের আলাদা ব্যবস্থা রয়েছে। কিন্তু হঠাৎ করে তা অতিরিক্ত ভরে যাওয়ার কারণে কিছু পানি বাহিরে চলে গেছে। যার কারণে একটু সমস্যা হয়েছে। তবে বিষয়টি নজরে আসামাত্র আমরা তা মেশিন বসিয়ে বাহিরে বের করার ব্যবস্থা করেছি। এরই মধ্যে অনেক পানি বেরও হয়ে গেছে। কিছু অসাধু চক্র এলাকাবাসীকে উসকে দিয়ে এ ধরনের কর্মকাণ্ড করছে। আশা করছি দ্রুত এর স্থায়ী সমাধান হয়ে যাবে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি জানা নেই। আপনার মাধ্যমেই জানলাম। খোঁজখবর নিয়ে সমস্যাটি অবশ্যই সমাধানের চেষ্টা করা হবে।
