রমজানের আগে স্থিতিশীল হবে এলপিজির বাজার

জ্বালানি উপদেষ্টা

রমজানের আগে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজার স্থিতিশীল হয়ে আসবে বলে আশা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। কয়েক মাস ধরে এলপিজির বাড়তি দামে জন–অসন্তোষের মধ্যে রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর মাস্টারপ্ল্যান (ইপিএসএমপি-২০২৬)’ নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পর সংবাদকর্মীদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

চলমান এলপিজির সংকট নিয়ে ফাওজুল কবির খান বলেন, এলপিজির বাজারের ৯৮ শতাংশই নিয়ন্ত্রণ করে বেসরকারি খাত। এলপিজির চাহিদা অনুযায়ী আমদানি হয়নি। আরেকটি সমস্যা হলো জাহাজের সংকট। ইরানের তেল কিনলে যুক্তরাষ্ট্র আগে নিষেধাজ্ঞা দেশের ওপর দিত। সম্প্রতি তারা যেসব জাহাজ ইরানের তেল পরিবহন করে, সেসব জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে জাহাজের একটা সংকট তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে এলপিজি সাপ্লাই বাড়বে জানিয়ে উপদেষ্টা বলেন, এর ফলে রমজানের আগেই এলপিজির বাজার স্থিতিশীল হয়ে উঠবে বলে তিনি আশা করছেন।

প্রসঙ্গক্রমে ফাওজুল কবির খান বলেন, ‘সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন অনেকে বলেছে যে ভয়াবহ লোডশেডিং হবে, উৎপাদন সংকটে পড়বে, রপ্তানি ব্যাহত হবে। কিন্তু ফলাফল হলো, আমরা একটা সম্পূর্ণ লোডশেডিংমুক্ত একটা রমজান পেয়েছি। লাইন বা গ্রিডের কারণে কোথাও কোথাও হয়তো লোডশেডিং হয়েছে। কিন্তু উৎপাদন সংকট বা সরবরাহ সংকটের কারণে কোথাও লোডশেডিং হয়নি।’ রমজানে সরকার গতবার যে রকম প্রস্তুতি নিয়েছিল, এবারও তেমন প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘একদম যে লোডশেডিং হবে না, সেটা আমি বলতে পারব না, তবে যে সরকার আসবে, তাদের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে না।’