চট্টগ্রাম বন্দরে রপ্তানির জন্য কোনো পণ্য ঢোকানো হয়নি, জাহাজেও লোড করা হয়নি এক কেজি মালও। তবু নথিপত্রে দেখানো হয়েছে—আরব আমিরাত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও সিঙ্গাপুরে কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানি শেষ! শুধু তাই নয়, রপ্তানিকারকের ব্যাংক হিসাবে জমা পড়েছে ১৮ কোটি টাকা, আর রপ্তানি প্রণোদনা হিসেবে তোলা হয়েছে আরও ৩ কোটি ৭২ লাখ টাকা। এ অসম্ভবকেই সম্ভব করেছে ডিওই (দো) এমপেক্স লিমিটেড নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। কাগজে-কলমে রপ্তানির ভান করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার এই জালিয়াতির রহস্য উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অনুসন্ধান বলছে, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ডিওই এমপেক্স লিমিটেড মোট ৪১টি বিল অব এক্সপোর্ট দাখিল করে সরকারের প্রণোদনা গ্রহণ করে। যার মধ্যে ৭টি বিল অব এক্সপোর্টের বিপরীতে শাকসবজি, ফলমূল ও প্রক্রিয়াজাত কৃষি পণ্যের চালান দুবাই ও অস্ট্রেলিয়া পাঠানোর সত্যতা পাওয়া গেলেও ৩৪টি বিল অব এক্সপোর্টের বিপরীতে কোনো পণ্য বিদেশে রপ্তানি হয়নি।
রপ্তানি না করেই পুরো অগ্রিম অর্থ দেশে আনা হয়েছে—অগ্রণী ব্যাংকের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে ২২ লাখ ১৮ হাজার ১৭.৪৪ মার্কিন ডলার, যা টাকায় প্রায় ১৮ কোটি ৬০ লাখ ৯১ হাজার ৪০৪ টাকা। শুধু তাই নয়, কাগুজে রপ্তানির ভিত্তিতে প্রতিষ্ঠানটি সরকারি নগদ প্রণোদনা হিসেবেও তুলেছে আরও ৩ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকা ।দুদকের তদন্তে দেখা গেছে, এই ঘটনায় মানিলন্ডারিং ও জালিয়াতিসহ গুরুতর দুর্নীতি সংঘটিত হয়েছে। দো এমপেক্স লিমিটেডের মালিক ও কর্মকর্তা, সি অ্যান্ড এফ এজেন্ট, কাস্টমস কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাসহ মোট ২৬ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। দুদক জানিয়েছে—খুব শিগগিরই তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
দুদকের অনুসন্ধানের অগ্রগতি জানতে চাইলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, রপ্তানির নামে নগদ প্রণোদনা হাতিয়ে নেওয়ার নজির আগেও দেখেছি। দুদকে চলমান অনুসন্ধানে যাদের বিরুদ্ধে জাল-জালিয়াতির প্রমাণ পাওয়া যাবে, কমিশনের অনুমোদনক্রমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুসন্ধানের তথ্য
কাস্টমস ও দুদকের যাচাই-বাছাইয়ের পর দেখা গেছে, সরকার রপ্তানি খাতকে এগিয়ে নিতে নানা প্রণোদনা ঘোষণা করেছে। তবে দো এমপেক্স লিমিটেড প্রতিষ্ঠানটি এসব সুযোগ নিয়ে ভুয়া চালান তৈরি করেছে। তারা ৭টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে আরব আমিরাত ও অস্ট্রেলিয়ায় কৃষিজাত পণ্য সঠিকভাবে রপ্তানি করলেও ৩৪টি বিল অব এক্সপোর্টে বড় ধরনের জালিয়াতি করেছে। কাগজে-কলমে এসব পণ্য আরব আমিরাত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ও সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে পাঠানো দেখানো হলেও বাস্তবে চট্টগ্রাম বন্দরে কোনো পণ্য পৌঁছায়নি এবং বন্দর দিয়েও কোনো রপ্তানি হয়নি।
অনুসন্ধানে আরও দেখা গেছে, রপ্তানিকারক প্রতিষ্ঠান তিনটি অস্তিত্বহীন শিপিং এজেন্ট ব্যবহার করেছে। যার মধ্যে রয়েছে ওসেন ফ্রাইট সিস্টেম লিমিটেড, গ্রিনভিউ ফ্রাইট সিস্টেম লিমিটেড এবং এভারেস্ট গ্লোবাল লজিস্টিক। ওই প্রতিষ্ঠানগুলোর কোনো রেজিস্ট্রেশন নেই এবং তারা কোনো পণ্য সরবরাহ করেনি। অথচ জাল বিল অব এক্সপোর্ট তৈরি করে তা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে অগ্রণী ব্যাংক এবং সংশ্লিষ্ট অডিট ফার্ম যথাযথ যাচাই না করে প্রণোদনার অর্থ ছাড় করেছে। তারা রপ্তানিকারকের উৎপাদন ক্ষমতা বা কারখানা পরিদর্শনও করেনি। ফলে ব্যাংক এবং অডিট ফার্মের ঘাটতি ব্যবহার করে রপ্তানিকারক কোটি কোটি টাকা আত্মসাৎ করতে সক্ষম হয়েছে।অনুসন্ধানে দেখা গেছে, দো এমপেক্স লিমিটেড তাদের পাঁচটি সি অ্যান্ড এফ এজেন্টের মাধ্যমে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ভুয়া তথ্য এন্ট্রি করেছে। এই প্রক্রিয়ায় চট্টগ্রামের কাস্টমস দপ্তরের রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাদের ইউজার আইডি, পাসওয়ার্ড, স্বাক্ষর ও সিল ব্যবহার করা হয়েছে। বিল অব লেডিং এবং মূল্য প্রত্যাবাসন সার্টিফিকেট (পিআরসি) ইস্যু করা হয়েছে এবং পরে ১১ জন রাজস্ব কর্মকর্তার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পুরো শুল্কায়ন প্রক্রিয়া কাগজে সম্পন্ন করা হয়েছে। কাগজে সবকিছু ঠিক থাকলেও বাস্তবে কোনো পণ্য রপ্তানি হয়নি। এছাড়া পিআরসি এবং বিল অব লেডিং ইস্যুর নিয়মও অমান্য করা হয়েছে। ব্যাংকের কর্মকর্তারা যাচাই-বাছাই না করেই প্রতিষ্ঠানকে পিআরসি জারি করেছেন, যা অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।
ফলে ৩৪টি ভুয়া রপ্তানি চালানের বিপরীতে প্রাপ্ত ২২ লাখ ১৮ হাজার ১৮ মার্কিন ডলার বা ১৮ কোটি ৬০ লাখ ৯১ হাজার ৪০৪ টাকা মানিলন্ডারিং প্রক্রিয়ায় দেশে এসেছে। যা দেখিয়ে দো এমপেক্স লিমিটেড সরকারি রপ্তানি প্রণোদনা বাবদ ৩ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকা আত্মসাৎ করেছে। অর্থাৎ রপ্তানি হয়নি, অথচ কোটি টাকার নগদ সহায়তা তুলে নেওয়ার অকাট্য প্রমাণ পেয়েছে দুদক।
যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে
দুদকের অনুসন্ধানে জানা গেছে, রপ্তানির নামে এই জালিয়াতিতে রপ্তানিকারক, সি অ্যান্ড এফ এজেন্ট, অডিট প্রতিষ্ঠান, কাস্টমস ও ব্যাংক কর্মকর্তাসহ মোট ২৬ জন সম্পৃক্ত। অনুসন্ধানকারী উপপরিচালক মো. আহসান উদ্দিন জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মামলার সুপারিশ কমিশন অনুমোদন করেছে। এ অনুযায়ী, দুদকের মামলায় ফাঁস হতে যাচ্ছে দো এমপেক্স লিমিটেডের চেয়ারম্যান মো. জিয়া হায়দার মিঠু ও এমডি আলোক সেনগুপ্ত, প্রতিষ্ঠানটির সি অ্যান্ড এফ এজেন্ট কেএইচএল এক্সাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেল, জি আর ট্রেডিং করপোরেশন সি অ্যান্ড লিমিটেডের পরিচালক বেগম রাসিদা পারভীন রুনু, অ্যাম এন্ড জে ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. আলতাফ হোসেন ও মো. আব্দুল জলিল আকন, প্যান বেঙ্গল এজেন্সিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম এবং সি অ্যান্ড এফ এজেন্ট এ কে এন্টারপ্রাইজের মালিক আবুল কাসেম খান।
অনুসন্ধানে দেখা গেছে, অডিট প্রতিষ্ঠানের কর্তা হিসেবে আসামি হতে যাচ্ছেন এ কাসেম অ্যান্ড কো চার্টার্ড একাউন্টসের মালিক মোহাম্মদ মোতালেব হোসেন ও জিয়াউর রহমান জিয়া, এমএবিএস অ্যান্ড জে পার্টনারের মালিক জগদীশ চন্দ্র বিশ্বাস, মুহাম্মদ সাজিদুল হক তালুকদার এবং নাসির উদ্দিন আহমেদ। এছাড়া এনবিআরের কাস্টমস বিভাগের সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির ও মবিন উল ইসলাম, সাবেক সহকারী কমিশনার মো. জয়নাল আবেদীন, রাজস্ব কর্মকর্তা জমির হোসেন, এ এইচ এম নজরুল ইসলাম, আমির হোসেন সরকার, গৌরাঙ্গ চন্দ্র চৌধুরী, ফরিদ উদ্দিন সরকার এবং মো. মঞ্জুরুল হক, সাবেক রাজস্ব কর্মকর্তা মো. আব্দুস সাত্তার ও বাসুদেব পালকেও দায়ী করা হয়েছে। অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (এক্সপোর্ট) মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ার জাহানও এ ঘটনায় আসামি হতে যাচ্ছেন।
** রপ্তানির ছলে ১৫০০ কোটি টাকা পাচার
** অর্থ পাচার রোধে বিশেষ ইউনিট গড়তে চায় এনবিআর
** মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে দম্পতির অর্থপাচার
** মেঘনা গ্রুপের এক লাখ কোটি টাকা পাচার
** পাচারের শতকোটি টাকা আসতে পারে চলতি বছরেই
** ফাঁকি-পাচার আয়কর ও ভ্যাট গোয়েন্দাকে তদন্তের সুপারিশ
** ছয় মাসে পাচার সম্পদ ফ্রিজে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক
** অর্থ পাচারকারীদের জীবন কঠিন করে ফেলা হবে
** পাচারের টাকায় বিদেশে ‘কামাল পরিবারের’ সাম্রাজ্য
** লোপাটের ৬১৬ কোটি টাকা কানাডায় পাচার
** পাচারের অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে ঢাকা
** পাচারের টাকায় ৮ গ্রুপের বৈশ্বিক সাম্রাজ্য
** পাচারের টাকায় দুবাইয়ে বাপবেটার অট্টালিকা
** ইনকামিং কল: দুই প্রতিষ্ঠানের পাচার ৮০০ কোটি টাকা
** পাচারের ৪৫ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি জব্দ
** ১৩৩ কোটি টাকা পাচার, ইমরান গ্রেফতার
** ছেলের টিউশন ফি’র নামে ৫০০ কোটি টাকা পাচার
** ‘ট্যাক্স এক্সপার্ট’র সহায়তায় পাচারের অর্থে আদায় হবে কর
** পাচার টাকা উদ্ধারে কাজ করেবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান
** অর্থপাচারে অভিযুক্ত ৩৭৮ জনের ব্যাংক হিসাব ফ্রিজ
** নগদের ২৩৫৬ কোটি টাকা দুর্নীতি ও পাচারের প্রমাণ পেয়েছে দুদক
** অর্থপাচার ও ব্যাংক ধ্বংস: রক্ষকরা ভক্ষক
