রপ্তানি শুল্ক বৃদ্ধির কারণে বিদেশে যাচ্ছে না পান

স্মারকলিপি দাখিল

সরকার প্রতি কেজি পানের রপ্তানি শুল্ক এক ডলার থেকে পাঁচ ডলার বাড়ানোর কারণে দেশের পানের রপ্তানি কমেছে। একই সঙ্গে পানের দামও কমে যাওয়ায় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষতি রোধ এবং রপ্তানিমুখী পানের চাষ অব্যাহত রাখার দাবি জানিয়ে বাংলাদেশ পান চাষি সমিতির যশোর শাখার নেতারা বুধবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টার কাছে ১০ দফা দাবিসম্বলিত স্মারকলিপি দাখিল করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, দেশের অনেক অঞ্চলের প্রধান অর্থকরি ফসল হলো পান। এটি চাষের সঙ্গে পানচাষি, খেতমজুর, পাটকাঠি ও বাঁশ ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষের জীবিকা জড়িত। বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পান রপ্তানি করত, যা বছরে ৩০০ থেকে ৪০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় নিশ্চিত করত। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতি কেজি পানের রপ্তানি শুল্ক ১ ডলার থেকে ৫ ডলার বাড়ানোর কারণে বিদেশি বাজারে দেশের পানের রপ্তানি বন্ধের উপক্রম হয়েছে। এতে দেশে পানের দাম ব্যাপকভাবে কমে চাষিরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ব্যাংক ও এনজিও ঋণের চাপের কারণে অনেক চাষি বিপর্যস্ত হয়ে পড়েছেন।

পান চাষি সমিতির ১০ দফা দাবির মধ্যে রয়েছে—পান রপ্তানিতে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও রপ্তানিবান্ধব নীতি গ্রহণ; আপৎকালে পানচাষিদের এনজিও ঋণের কিস্তি স্থগিত করা; পান চাষনির্ভর খেতমজুরদের ত্রাণসহায়তা প্রদান; রপ্তানিকারকদের পাশাপাশি পানচাষিদেরও প্রণোদনা দেওয়া; পান চাষের উপকরণের দাম কমানো; পান গবেষণা কেন্দ্র, আধুনিক সংরক্ষণাগার ও পানশিল্প কেন্দ্র গড়ে তোলা; চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ; পানবরজের জমির অতিরিক্ত খাজনা নেওয়া বন্ধ; পান চাষে বিমা চালু এবং জাতীয় পান বোর্ড গঠন।

যশোরের অভয়নগর উপজেলার পানচাষি শেখ নুর আলম ৫ কাঠা জমিতে পান চাষ করেন। তবে পানের দাম না পাওয়ায় তিনি হতাশ। নুর আলম অভয়নগর পান চাষি সমিতির সদস্যসচিব। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারিতে প্রতি কেজি পান রপ্তানিতে ভ্যাট ১ ডলার থেকে ৫ ডলার করা হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে দেশের পান রপ্তানি বন্ধ হয়ে গেছে এবং পানের দাম ব্যাপকভাবে কমে গেছে। বর্তমানে বাজারে যা দাম পাওয়া যাচ্ছে, তাতে উৎপাদন খরচও উঠছে না। আমরা মারাত্মক সমস্যায় রয়েছি। পানচাষিদের রক্ষা ও পাশে দাঁড়ানোর জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি।

আজ দুপুরে বাংলাদেশ পান চাষি সমিতির যশোর শাখার অস্থায়ী কার্যালয় থেকে মিছিল নিয়ে পানচাষিরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা) কাছে স্মারকলিপি দেওয়া হয়।