রপ্তানি প্রণোদনার অর্থ লোপাট: ১১ কাস্টমস কর্মকর্তাসহ আসামি ২৬

পাঁচ দেশে রপ্তানির নামে ১৮ কোটি ৫০ লাখ টাকার মানি লন্ডারিং এবং ৩ কোটি ৭১ লাখ টাকার প্রণোদনা আত্মসাতের অভিযোগে ১১ জন কাস্টমস কর্মকর্তা, একটি অডিট ফার্ম ও রপ্তানিকারকসহ মোট ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপপরিচালক মো. আহসান উদ্দিন দায়ের করেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার আসামিরা হলেন- রপ্তানিকারক প্রতিষ্ঠান দো এম্পেক্স লিমিটেডের চেয়ারম্যান মোঃ জিয়া হায়দার মিঠু ও এমডি আলোক সেন গুপ্ত, প্রতিষ্ঠানটির সিএন্ডএফ এজেন্ট কেএইচএল এক্সাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেল, জি আর ট্রেডিং করপোরেশন সি এন্ড লিমিটেডের পরিচালক বেগম রাসিদা পারভীন রুনু, এ এন্ড জে ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোঃ আলতাফ হোসেন ও মোঃ আব্দুল জলিল আকন, প্যান বেঙ্গল এজেন্সিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম এবং সিএন্ডএফ এজেন্ট এ কে এন্টারপ্রাইজের মালিক আবুল কাসেম খান।

অপরদিকে, অডিট প্রতিষ্ঠান হিসেবে আসামিদের মধ্যে রয়েছেন—এ কাসেম এন্ড কো চার্টার্ড একাউন্টসের মালিক মোহাম্মদ মোতালেব হোসেন ও জিয়াউর রহমান জিয়া, এমএবিএস এন্ড জে পার্টনারের মালিক জগদীশ চন্দ্র বিশ্বাস, মুহাম্মদ সাজিদুল হক তালুকদার এবং নাসির উদ্দিন আহমেদ। এনবিআরের কাস্টমস বিভাগের আসামিদের মধ্যে রয়েছেন—সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির ও মবিন উল ইসলাম, সাবেক সহকারী কমিশনার মোঃ জয়নাল আবেদীন, রাজস্ব কর্মকর্তা জমির হোসেন, এ এইচ এম নজরুল ইসলাম, আমির হোসেন সরকার, গৌরাঙ্গ চন্দ্র চৌধুরী, ফরিদ উদ্দিন সরকার এবং মোঃ মঞ্জুরুল হক, পাশাপাশি সাবেক রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার ও বাসুদেব পালক। এছাড়া, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (এক্সপোর্ট) মোঃ রফিকুল ইসলাম এবং মোহাম্মদ আনোয়ার জাহানকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে আরব আমিরাত, অষ্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ও সিঙ্গাপুরে পণ্য রপ্তানি দেখিয়ে দো এম্পেক্স লিমিটেড (Doe Empex Ltd) নামের প্রতিষ্ঠানটির অনুকূলে প্রায় ১৮ কোটি টাকা ব্যাংক জমা হয়। শুধু তাই নয় ৩৪টি রপ্তানি চালানের মূল্যবাবদ প্রণোদনা হিসাবে প্রায় ৩ কোটি ৭২ লাখ টাকা উত্তোলন ও আত্মসাত হয়েছে। অথচ বাস্তবে কোনো রপ্তানি হয়নি। আরও জানা যায়, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে দো এম্পেক্স লিমিটেডের মোট ৪১টি বিল অব এক্সপোর্ট দাখিল করে সরকারের প্রণোদনা গ্রহণ করে। যার মধ্যে ৭ বিল অব এক্সপোর্টের বিপরীতে কৃষি জাতীয় পণ্য রপ্তানির সত্যতা পাওয়া গেলেও ৩৪টি বিল অব এক্সপোর্টের বিপরীতে কোনো পণ্যই বিদেশে রপ্তানি হয়নি। অথচ পণ্য রপ্তানির বিপরীতে অগ্রিম হিসাবে পুরো অর্থ ২২ লাখ ১৮ হাজার ১৭.৪৪ মার্কিন ডলার অগ্রণী ব্যাংকের মাধ্যমে দেশে প্রত্যাবসন হয়েছে। টাকার অংকের যার পরিমাণ ১৮ কোটি ৬০ লাখ ৯১ হাজার ৪০৪ টাকা। রপ্তানি দেখিয়ে প্রতিষ্ঠানটি ৩ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকা নগদ প্রণোদনা উত্তোলণ ও আত্মসাত করেছে আসামিরা।