বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘যেকোনো মূল্যে শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা আমরা মেনে নেবো না।’ নির্বাচনে জয়ী হওয়ার পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অন্যান্য রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘আমাদের মত-পথ ভিন্ন থাকতে পারে। কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক।’ সংবাদ সম্মেলনে তিনি ১৯৭১ সাল থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসাথে দেশ গঠনে সারাদেশের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আহমেদ পাভেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদিন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইসমাঈল জবিউল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।
