যুক্তরাষ্ট্রে খেলনা রপ্তানি শুরু করেছে আরএফএল

যুক্তরাষ্ট্রে খেলনা রপ্তানি কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। সম্প্রতি নরসিংদীর পলাশে আরএফএলের নিজস্ব কারখানা থেকে প্রথম খেলনার চালান মার্কিন বাজারে পাঠানো হয়েছে। বর্তমানে কানাডা, ইতালি, সৌদি আরব, ভারত ও নেপালসহ বিশ্বের ১০টি দেশে আরএফএলের তৈরি খেলনা রপ্তানি হচ্ছে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘আরএফএল-এর খেলনা আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি হওয়ায় শিশুদের জন্য নিরাপদ এবং দেশি-বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের মতো একটি বড় ও প্রতিযোগিতামূলক বাজারে আমাদের খেলনা রপ্তানির নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করি।’ তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য শুধুমাত্র রপ্তানি বৃদ্ধি নয়; বরং বাংলাদেশের খেলনা শিল্পকে বৈশ্বিক মানচিত্রে নতুনভাবে প্রতিষ্ঠা করা। বাংলাদেশের খেলনার বাজার আগে ছিল আমদানি নির্ভর, সেখানে এখন আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হচ্ছি। যুক্তরাষ্ট্রের বাজারে আরএফএল বেবি স্পোর্টস ক্যাটাগরির খেলনা রপ্তানি শুরু করেছে।’

আরএফএল গ্রুপ ২০১৫ সালে খেলনা উৎপাদন ও বিপণন কার্যক্রম শুরু করে। বর্তমানে তারা প্লেটাইম ব্র্যান্ডের আওতায় এডুকেশনাল টয়, রিচার্জেবল কার, ট্রাইসাইকেল, রকার, স্লাইডার এবং বেবি স্পোর্টসসহ বিভিন্ন ধরনের খেলনা তৈরি ও বাজারজাত করছে।