যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৩৮টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ডের নিয়ম কার্যকর করেছে। আগে এই ভিসা বন্ড তালিকায় মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ অন্তর্ভুক্ত ছিল। মঙ্গলবার সেই তালিকায় বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাম যুক্ত করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর-এর ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
নতুন ভিসা বন্ড চালু হওয়ার ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করার সময় যেসব দেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত দিতে হয়, সেই তালিকা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, বাংলাদেশসহ এই ৩৮টি দেশের নাগরিকদের ক্ষেত্রে বন্ড প্রদান বাধ্যতামূলক হয়েছে। বাংলাদেশি পাসপোর্টধারী ব্যক্তি যদি বি১/বি২ ভিসার জন্য যোগ্য হন, তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করার সময় তাকে ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড বা জামানত দিতে হতে পারে।
বাংলাদেশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জামানতের পরিমাণ ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে। আবেদনকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম Pay.gov-এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতিও জানাতে হবে। কারও ক্ষেত্রে সর্বোচ্চ জামানত ধার্য হলে বর্তমান বিনিময় হারে তা প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা। অর্থাৎ প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসেবে সর্বোচ্চ ১৫ হাজার ডলার বন্ড বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার।
এই নিয়ম ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এটি পররাষ্ট্র দপ্তরের একটি পাইলট কর্মসূচির আওতায় গত আগস্টে প্রথম চালু করা হয়েছিল, তখন কিছু দেশকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছিল।
তালিকায় থাকা দেশগুলো হলো ৩৮টি দেশ হলো- আলজেরিয়া (২১ জানুয়ারি ২০২৬); অ্যাঙ্গোলা (২১ জানুয়ারি ২০২৬); অ্যান্টিগুয়া ও বারবুডা (২১ জানুয়ারি ২০২৬); বাংলাদেশ (২১ জানুয়ারি ২০২৬); বেনিন (২১ জানুয়ারি ২০২৬); ভুটান (১ জানুয়ারি ২০২৬); বতসোয়ানা (১ জানুয়ারি ২০২৬); বুরুন্ডি (২১ জানুয়ারি ২০২৬); কাবো ভার্দে (২১ জানুয়ারি ২০২৬); মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (১ জানুয়ারি ২০২৬); কোট দিভোয়ার (২১ জানুয়ারি ২০২৬); কিউবা (২১ জানুয়ারি ২০২৬); জিবুতি (২১ জানুয়ারি ২০২৬); ডোমিনিকা (২১ জানুয়ারি ২০২৬); ফিজি (২১ জানুয়ারি ২০২৬); গ্যাবন (২১ জানুয়ারি ২০২৬); গাম্বিয়া (১১ অক্টোবর ২০২৫); গিনি (১ জানুয়ারি ২০২৬); গিনি-বিসাউ (১ জানুয়ারি ২০২৬); কিরগিজস্তান (২১ জানুয়ারি ২০২৬); মালাউই (২০ আগস্ট ২০২৫); মৌরিতানিয়া (২৩ অক্টোবর ২০২৫); নামিবিয়া (১ জানুয়ারি ২০২৬); নেপাল (২১ জানুয়ারি ২০২৬); নাইজেরিয়া (২১ জানুয়ারি ২০২৬); সাও টোমে ও প্রিন্সিপে (২৩ অক্টোবর ২০২৫); সেনেগাল (২১ জানুয়ারি ২০২৬); তাজিকিস্তান (২১ জানুয়ারি ২০২৬); তানজানিয়া (২৩ অক্টোবর ২০২৫); টোগো (২১ জানুয়ারি ২০২৬); টোঙ্গা (২১ জানুয়ারি ২০২৬); তুর্কমেনিস্তান (১ জানুয়ারি ২০২৬); টুভালু (২১ জানুয়ারি ২০২৬); উগান্ডা (২১ জানুয়ারি ২০২৬); ভানুয়াতু (২১ জানুয়ারি ২০২৬); ভেনেজুয়েলা (২১ জানুয়ারি ২০২৬); জাম্বিয়া (২০ আগস্ট ২০২৫); জিম্বাবুয়ে (২১ জানুয়ারি ২০২৬)।

