যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের একটি গোডাউন থেকে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার সোহাইব হাসান আকন্দ। মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়। এ সময় যশোর জেলা গোয়েন্দা শাখা পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ঘোপ নওয়াপাড়া রোডের ২৪২ নম্বর বাড়িতে থাকা গোডাউনে কয়েকদিন আগে একবার অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন সংশ্লিষ্টরা। কাগজপত্র দেখানোর জন্য তারা সেসময় আদালতের কাছে তিন দিনের সময় চেয়েছিলেন। সর্বশেষ রবিবার (২২ ফেব্রুয়ারি) ফের অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। গোডাউনে আমেরিকান ইউএন কোম্পানির মোট ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল রাখা রয়েছে। তবে গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি সংক্রান্ত অনুমোদন বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
অভিযানের সময় মোটরসাইকেলগুলোর মালিক হিসেবে পরিচয় দেওয়া আবু সাঈদ সাবু অসুস্থতার অজুহাতে ঘটনাস্থলে উপস্থিত হননি। পরে তিনি ১০ দিনের সময় চান। বিষয়টি বিবেচনায় নিয়ে ম্যাজিস্ট্রেট গোডাউনটি তাৎক্ষণিকভাবে সিলগালা করেন এবং জব্দ মোটরসাইকেলগুলো সেখানেই রাখার নির্দেশ দেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে না পারলে সেগুলো সরকারি হেফাজতে নেওয়া হবে বলে জানানো হয়।
