ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা মেট্রোরেল চলাচল বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন। শুক্রবার বেলা ৩টা থেকে তারা উত্তরা দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে চাকরি বিধিমালা বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন তারা। এ সময় ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ফেরত আসেন। পরে আন্দোলনকারীরা ফারুক আহমেদকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। আন্দোলনকারীদের অনেকে এমডির কক্ষের সামনে অবস্থান নেন।
ডিএমটিসিএলের কর্মকর্তা আকরাম হোসেন জানান, ‘আমরা বর্তমানে সর্বাত্মক কর্মবিরতিতে রয়েছি। এ কারণে শুক্রবার (১২ ডিসেম্বর) কোনো ট্রেন অপারেশনে যায়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।’
শুক্রবার সাধারণত বিকেল ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। তবে এ দিন বেলা ৩টায় ট্রেন চলাচল শুরুর কথা থাকলেও সাড়ে ৩টা পর্যন্ত কোনো ট্রেন স্টেশন ছাড়েনি। বিভিন্ন স্টেশনের নিচে কলাপসিবল গেট বন্ধ পাওয়া যায়। ফলে স্টেশনে এসে অনেক যাত্রী হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হন এবং ভোগান্তিতে পড়েন।

