মৃত্যুঝুঁকি বাড়ালেও থামছে না আগ্রাসী প্রচারণা

বিশ্বজুড়ে মানুষের খাদ্যতালিকায় দ্রুত বাড়ছে অতি প্রক্রিয়াজাত খাবার (আলট্রা প্রসেসড ফুড), আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। দীর্ঘমেয়াদি রোগ, স্থূলতা ও অকাল মৃত্যুর হার বাড়ছে বলেও নতুন এক গবেষণায় সতর্ক করেছেন বিশ্বের শীর্ষ ৪৩ পুষ্টিবিদ। তাঁদের মতে, এসব খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যাপক প্রচার চালিয়ে বিপুল মুনাফা করছে, আর তাতেই মানুষের ঝুঁকি আরও বাড়ছে।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্টিবিদদের এই গবেষণায় সহায়তা করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিখ্যাত স্বাস্থ্য সাময়িকী ল্যানসেটে গত মঙ্গলবার। এতে আরও উঠে এসেছে, ১৯৬২ থেকে ২০২১ পর্যন্ত খাদ্যশিল্পের মোট মুনাফা ছিল ২.৯ ট্রিলিয়ন মার্কিন ডলার, যার অর্ধেকই এসেছে অতি প্রক্রিয়াজাত খাবার থেকে। এই মুনাফা মূলত তালিকাভুক্ত নামী প্রতিষ্ঠানগুলো থেকে এসেছে।

বিবিসির প্রতিবেদনে প্রকৃতি থেকে পাওয়া, প্রক্রিয়াজাত এবং অতি প্রক্রিয়াজাত খাবারের একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য ছিল, অতি প্রক্রিয়াজাত খাবার কীভাবে তৈরি হয় তা বোঝানো। এতে বলা হয়েছে, প্রাকৃতিক সবজি বা মাছ-মাংসকে তেল ও মসলা দিয়ে রান্না করা হয়, যা এক ধরনের প্রক্রিয়াজাত খাবার হিসেবে গণ্য হয়। এরপর এসব খাবার আরও প্রসেস করে ‘রেডি মিল’ তৈরি করা হয়, যা রেস্তোরাঁয় অতি প্রক্রিয়াজাত খাবার হিসেবে পরিবেশিত হয়। তালিকায় রয়েছে দোকানে পাওয়া পাউরুটি, চিপস, কেক, বিস্কুট, বিভিন্ন কোল্ড ড্রিংকস, সসেজ, ইনস্ট্যান্ট স্যুপ ও আইসক্রিম।

এ প্রসঙ্গে ব্রাজিলের সাও পাওলো ইউনিভার্সিটির স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক কার্লোস অগাস্টো মন্টেইরো বলেন, আমরা গবেষণায় এটা পেয়েছি, অতি প্রক্রিয়াজাত খাবার খাওয়ার প্রবণতা বিশ্বজুড়ে বাড়ছে। আর বিশ্বের প্রভাবশালী এবং বড় খাবারের প্রতিষ্ঠানগুলো এমন খাবার খাওয়ার ক্ষেত্রে ব্যাপক প্রচার চালাচ্ছে। তাঁর মতে, অতীতে এই প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম প্রক্রিয়াজাত খাবার বিক্রি করত। তবে সেই অবস্থা থেকে প্রতিষ্ঠানগুলো বেরিয়ে এসেছে উচ্চ মুনাফার জন্য। এখন তারা এই মুনাফার ধারা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন দেশ দেনদরবার করছে, যাতে কোনো দেশের সরকার এমন কোনো স্বাস্থ্যনীতি গ্রহণ না করে, যাতে তাদের ব্যবসা মার খায়। অর্থাৎ স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার জন্য সরকার যাতে কোনো নীতি গ্রহণ না করে, সে জন্য দেনদরবার করে প্রতিষ্ঠানগুলো।

অতি প্রক্রিয়াজাত খাবার বা আলট্রা প্রসেসড ফুডের ধারণা দিয়েছিলেন বিশেষজ্ঞ মন্টেইরো। ২০০৯ সালে এই শব্দের প্রচলন করেন তিনি। এই অতি প্রক্রিয়াজাত খাবার প্রসঙ্গে আরেক বিশেষজ্ঞ ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার অধ্যাপক ব্যারি পপকিন বলেন, যেসব প্রতিষ্ঠান খাবার প্রক্রিয়াজাত করছে তারা এই ভুট্টা, গম, মটরশুঁটিসহ নানা উপাদানকে বর্ণহীন এবং স্বাদহীন করে ফেলছে। এরপর সেগুলোর সঙ্গে কৃত্রিম স্বাদ এবং আসক্তি সৃষ্টিকারী বিভিন্ন উপাদান যুক্ত করছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের মুনাফা দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত করে ফেলছে। তিনি আরও বলেন, খাবার তৈরিকারক এসব প্রতিষ্ঠান এখন আর তাদের মুনাফা কমাতে চায় না। তাই তারা অতি প্রক্রিয়াজাত খাবারের ওপর যাতে সরকারি নিষেধাজ্ঞা না আসে, সে জন্য লাখ লাখ টাকা বিনিয়োগ করতে ইচ্ছুক। সেই সঙ্গে পুষ্টিবিদদের অর্থায়ন করছে তারা। যাতে এই পুষ্টিবিদেরা বলেন, এসব অতি প্রক্রিয়াজাত খাবারে কোনো ক্ষতিকর উপাদান নেই।