মুক্তির দিন: ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনটিকে ‘মুক্তির দিন’ বলে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন তিনি। মুহাম্মদ ইউনূস বলেন, ‘খুব ভালো লাগল। এটা আমার জীবনে মহানন্দের দিন। এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন। মুক্তির দিন।’

ভোটের এই দিনটিকে নতুন বাংলাদেশের জন্মদিন হিসেবে বর্ণনা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সারাদিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব।’ নির্বাচন ও গণভোটকে নতুন সূচনার প্রক্রিয়া হিসেবে দেখছেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হল এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সে অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।’
Chief Adviser Vote
গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম সেটাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।’ দিনটিকে নিজের জীবনের বিশেষ দিন হিসেবেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আমাদের দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু। সেটাই হল আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।’

রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনাবহুল সময় পেরিয়ে গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্নে ভোট দিচ্ছে বাংলাদেশের মানুষ। এর সঙ্গে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে মতামত দেবেন গণভোটে। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে বৃহস্পতিবার ভোট চলছে। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত হয়েছে। সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়েছে, যা একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।