মিতুর বার্ষিক আয় ৩ লাখ, পেশা চিকিৎসক

হলফনামা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তাঁর বার্ষিক আয় ৩ লাখ টাকা উল্লেখ করেছেন। পেশায় চিকিৎসক মিতুর নগদ অর্থের পরিমাণ ২৮ লাখ ৪০ হাজার টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রার্থী রফিকুল ইসলাম জামাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী ফয়জুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর প্রার্থী ইব্রাহীম আল হাদী সহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

হলফনামায় আয়কর রিটার্ন সংক্রান্ত যে তথ্য দিয়েছেন মাহমুদা আলম মিতু, তাতে তাঁর মোট সম্পদের পরিমাণ ২৮ লাখ ৪০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। নগদ অর্থের পাশাপাশি ডা. মিতুর ব্যাংক হিসাবে জমা রয়েছে ৫১ হাজার টাকা। এ ছাড়া তাঁর মালিকানায় ২০ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে, যার অধিগ্রহণকালীন মূল্য ৪৫ লাখ টাকা। হলফনামায় ৩৬ বছর বয়সী এই সম্ভাব্য প্রার্থী আরও উল্লেখ করেছেন, তাঁর স্বামী মো. মাহবুবুর রহমানও পেশায় চিকিৎসক। তাঁরা বর্তমানে ঢাকার পশ্চিম মালিবাগ এলাকায় বসবাস করেন। মিতুর স্থায়ী ঠিকানা কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে।

সর্বশেষ আয়কর রিটার্নের যে তথ্য দেওয়া হয়েছে, সেখানে তার স্বামী বার্ষিক আয় দেখিয়েছেন ৮ লাখ ৪৯ হাজার ৫৭৩ টাকা। তিনি আয়কর দিয়েছেন ৩১ হাজার ৪৫৭ টাকা। অপরদিকে মিতুর আয়করের ঘরে লেখা রয়েছে ‘শূন্য’। মিতুর স্বামীর নগদ রয়েছে ৪৫ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকা, ব্যাংকে রয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৩৭৪ টাকা। আসবাব রয়েছে ১ লাখ ২০ হাজার টাকার।