অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (ব্রেন হেমারেজ) কারণে লন্ডনের সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে গিয়েছিলেন তিনি। বাংলাদেশ সময় আজ শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-কে নিশ্চিত করেছেন তার একাধিক সহকর্মী। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম সূত্রে জানা গেছে, লন্ডন সময় আজ দুপুর ২টা ২৩ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের হেড অব রিপোর্টিং মাইনুল আলম জানান, ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থান করছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে গত ১ অক্টোবর রাতে একটি হোটেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের একজন পরিচিত মুখ। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
