শিশুদের মানসিক ও শারীরিক ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের দায়ের করা মামলার নিষ্পত্তিতে ১৭ দশমিক ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। আদালতের অনুমোদন সাপেক্ষে চুক্তিটি কার্যকর হলে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি কিশোর-কিশোরীদের জন্য দৈনিক অ্যাপ ব্যবহারের সময়সীমা এবং রাতে ব্যবহারে বিধিনিষেধসহ নতুন কিছু নিয়ম চালু করতে হবে মেটাকে। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে এক সপ্তাহ আগে শুরু হওয়া মামলাটির বিচার ছয় সপ্তাহ চলার কথা থাকলেও সমঝোতার মাধ্যমে তা নিষ্পত্তির পথ তৈরি হয়েছে।
কেন হয়েছিল মামলা
২০২৩ সালে ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ ২৯টি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ, মেটা শিশুদের গোপনীয়তা রক্ষাবিষয়ক ফেডারেল ও অঙ্গরাজ্যের একাধিক আইন লঙ্ঘন করেছে। মামলার অন্যতম ভিত্তি ছিল চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (সিওপিপিএ)। এটি ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার থেকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল।
শিশুদের আসক্তি নিয়ে আদালতে ২৯ মার্কিন অঙ্গরাজ্য, বদলে যেতে পারে ফেসবুকশিশুদের আসক্তি নিয়ে আদালতে ২৯ মার্কিন অঙ্গরাজ্য, বদলে যেতে পারে ফেসবুক অঙ্গরাজ্যগুলোর দাবি, ফেসবুক ও ইনস্টাগ্রামকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিশু ও কিশোররা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে আটকে থাকে। ভিডিওর অটো-প্লে, ইনস্টাগ্রাম স্টোরিজ এবং ঘন ঘন নোটিফিকেশনের মতো ফিচার ব্যবহারকারীদের বারবার অ্যাপে ফিরিয়ে আনার জন্য তৈরি করা হয়েছে। এ ছাড়া অভিযোগে বলা হয়, মেটা ভোক্তাদের বিভ্রান্ত করেছে এবং তরুণ ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মকে নিরাপদ হিসেবে উপস্থাপন করেছে। পাশাপাশি শিশুদের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া সংগ্রহ ও ব্যবহার করারও অভিযোগ আনা হয়।
