মানিলন্ডারিং তদন্তে অগ্রণী ব্যাংকে দুদকের চিঠি

দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে অগ্রণী ব্যাংকের গ্রিন রোড করপোরেট শাখায় রেকর্ডপত্র ও বিভিন্ন তথ্য চাইতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই বিষয়ে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন উপপরিচালক সাইফুল ইসলাম। তিনি গত ১৭ নভেম্বর ব্যাংকে চিঠিটি পাঠান। দলে আরও আছেন উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন। দুদকের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ৬ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি করলেও এর বিপরীতে প্রাপ্ত আয় দেশে ফেরত আনেননি।

দুদকের অভিযোগে আরও বলা হয়, এম আই ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. সোহাগ মিয়া অগ্রণী ব্যাংক পিএলসি ঢাকার আমিন কোর্ট শাখায় এবং টোটাল কোয়ালিটি কোম্পানির হাসান জুনাইদ করিম একই ব্যাংকের গ্রিন রোড শাখায় এলসি খুলে পণ্য রপ্তানি করেছেন। কিন্তু তারা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে উল্লেখিত অপরাধের সঙ্গে জড়িত হয়েছেন।

অগ্রণী ব্যাংকের গ্রিন রোড শাখায় পাঠানো চিঠিতে টোটাল কোয়ালিটি কোম্পানির স্বত্বাধিকারী হাসান জুনাইদের ২০২২ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত রপ্তানি–সংক্রান্ত সব নথি চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সেলস কনট্রাক্ট, কমার্শিয়াল ইনভয়েস, বিল অব লেডিং, বিল অব এক্সপোর্ট, পেমেন্ট মেসেজ, আমদানিকারকের ক্রেডিট রিপোর্ট, সরকার ঘোষিত নগদ সহায়তার দলিলসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য।

এ ছাড়া অগ্রণী ব্যাংক পিএলসির গ্রিন রোড শাখায় পরিচালিত চলতি হিসাব নম্বরের ওপেনিং ফর্ম, কেওয়াইসি, টিপি, এসএস কার্ড, হিসাব বিবরণীসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও তথ্যাদি চাইতে বলা হয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে তথ্য সরবরাহ করার জন্য দুদকের চিঠিতে অনুরোধ করা হয়েছে।