মানবিকে প্রতি ১০০ জনে ৫১ জনই ফেল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল দেখা গেছে, যেখানে গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৬২ দশমিক ২৫ শতাংশ—যা ২০০৭ সালের পর সর্বনিম্ন। ওই বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৬ শতাংশ। এবারের এই ফল বিপর্যয়ের পেছনে বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের দুর্বল ফলাফল বড় কারণ হিসেবে সামনে এসেছে। এ বিভাগে পাসের হার নেমে এসেছে ৪৮ দশমিক ৭৪ শতাংশে, অর্থাৎ প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনেরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের মতে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ফল খারাপ হওয়ার অন্যতম কারণ মানবিক বিভাগের শিক্ষার্থীদের দুর্বল পারফরম্যান্স, বিশেষ করে ইংরেজি ও গণিত বিষয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া। এই ব্যর্থতার সরাসরি প্রভাব পড়েছে সামগ্রিক ফলাফলে, ফলে গড় পাসের হার কমে গেছে এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে ফল ঘোষণা অনুষ্ঠানে বোর্ড চেয়ারম্যানরা এসব তথ্য তুলে ধরেন। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।

মানবিকে প্রতি ১০০ জনে ৫১ জন ফেল

বিভাগভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যায়, এবার সবচেয়ে খারাপ ফল করেছে মানবিকের শিক্ষার্থীরা। এ বছর মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল সবচেয়ে বেশি ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন। তাদের মধ্যে পাস করেছে মাত্র ৩ লাখ ১ হাজার ১৭৪ জন। গড় পাসের হার ৪৮ দশমিক ৭৪ শতাংশ। আর ফেলের হার প্রায় ৫১ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ, মানবিকের প্রতি ১০০ জন পরীক্ষার্থীর ৫১ জনের বেশি ফেল করেছে।

বিজ্ঞানে পাসের হার ৮০.৬৪ শতাংশ

এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক ভালো ফল করেছে। বিজ্ঞান বিভাগে এ বছর পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন। তাদের মধ্যে পাস করেছে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন। গড় পাস ৮০ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ বিজ্ঞান বিভাগের প্রতি ১০০ জনের প্রায় ৮১ জনই পাস করেছে।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাস ৬৪.২৯ শতাংশ

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার হয়েছে ৬৪ দশমিক ২৯ শতাংশ। এ বিভাগ থেকে মোট ২ লাখ ১৯ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, মানবিক বিভাগে এবারের ফলাফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে, বিশেষ করে ইংরেজি ও গণিতে দুর্বলতার কারণে ফেলের সংখ্যা বেড়েছে। অন্যদিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই দুই বিষয়ে ভালো করায় তাদের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হারও বেশি। তিনি আরও বলেন, মানবিক বিভাগের এই দুর্বলতার কারণ খতিয়ে দেখে ভবিষ্যতে শিক্ষার্থীদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।