সমুদ্র ও মৎস্য সংরক্ষণ এবং টেকসই নীল অর্থনীতি বৃদ্ধিতে সহযোগিতার লক্ষ্যে কক্সবাজারের মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ–এমআইডিএ) ও জাপানের খ্যাতনামা সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও এমআইডিএর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসপিএফের ওশেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ওপিআরআই)-এর প্রেসিডেন্ট মিতসুতাকু মাকিনো চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস, ওপিআরআই এর সিনিয়র রিসার্চ ফেলো এমাদুল ইসলাম এবং এমআইডিএর সদস্য কমোডর তানজিম ফারুকও উপস্থিত ছিলেন। চুক্তি শিগগিরই এসপিএফের প্রেসিডেন্ট আতসুশি সুনামি দ্বারা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা সমুদ্র সংরক্ষণের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, আমাদের সমুদ্র একটি বড় সম্পদ, তবে তা ক্রমশ দূষিত হচ্ছে। সমুদ্রের হাজার হাজার মিটার গভীরে প্লাস্টিক আবর্জনা পাওয়া যাচ্ছে। এই সমঝোতা আমাদের সমুদ্রকে সুরক্ষিত ও পরিচ্ছন্ন রাখার সুযোগ দেবে।
সমুদ্র সম্পদের সংরক্ষণের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, সাসাকাওয়া পিস ফাউন্ডেশন সমুদ্র গবেষণায় বিশ্বব্যাপী স্বীকৃত। আমরা আনন্দিত যে তারা আমাদের গবেষণায় যুক্ত হয়েছে।জাপানি এই সংস্থাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউট ফাউন্ডেশনের সঙ্গে সংযুক্ত থাকবে, এবং এই গবেষণা সহযোগিতা ধাপে ধাপে সম্প্রসারিত হবে বলেও জানান তিনি।সমঝোতা অনুযায়ী জাপানের উমিগিও নীতি অনুযায়ী মহেশখালীর তিনটি গ্রামকে ‘মডেল ফিশিং ভিলেজ’ হিসেবে গড়ে তোলা হবে। এটি সমুদ্রভিত্তিক স্থানীয় সম্প্রদায় উন্নয়নের মডেল।
অনুষ্ঠানে এসপিএফের ওশেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট-ওপিআরআই এর প্রেসিডেন্ট মিতসুতাকু মাকিনো বলেন,মৎস্য খাতে সমন্বিত ও টেকসই নীল অর্থনীতি প্রচারে এই অংশীদারত্ব বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মূল্যবান সুযোগ দিচ্ছে।
আশিক চৌধুরী বলেন, এমআইডিএ উপকূলীয় মৎস্যজীবীদের ঐতিহ্যকে সংরক্ষণ করার সঙ্গে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসপিএফের সঙ্গে অংশীদারিত্ব আমাদের জন্য জাপানের উমিগিও নীতি শেখার সুযোগ, যা জীবিকা, টেকসইতা ও প্রবৃদ্ধি একত্রিত করে।
সমঝোতা স্মারকটি সই হয় ‘উত্তর-পূর্ব ভারত মহাসাগরীয় অঞ্চলে টেকসই নীল অর্থনীতি, সংযোগ ও ছোট দ্বীপ রাষ্ট্রের স্থিতিশীলতা’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের আলোচনার অংশ হিসেবে। মৎস্য খাতে সমন্বিত ও টেকসই নীল অর্থনীতি এগিয়ে নিতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী এই সংলাপের আয়োজন করা হয়। এই সংলাপটি যৌথভাবে আয়োজন করে ওপিআরআই, এসপিএফ, এমআইডিএ এবং পিস অ্যান্ড পলিসি সলিউশনস। এতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভারতের আন্দামান-নিকোবার দ্বীপপুঞ্জের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও উন্নয়ন অংশীদাররা অংশগ্রহণ করেন।
